ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

দীপিকার বাধা পেরোনোর গল্প

দীপিকার বাধা পেরোনোর গল্প
×

উপমা পারভীন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০২:৪১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০২:৪৫

কুঞ্চিত ত্বক, বিবর্ণ মুখমণ্ডল। অ্যাসিড হামলা তার সৌন্দর্যকে এক নিমেষে ম্লান করে দিয়েছে। ঝলসে গিয়েছে মুখের ৭০ শতাংশ। যে চেহারা দেখলে বাচ্চারা আঁতকে ওঠে। চিৎকার করে ওঠে। পাড়া-প্রতিবেশী তো দূরের কথা, নিজের মা-বাবার কাছেও সেই চেহারা হয়ে ওঠে বিরক্তির কারণ। এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে নিজেই আঁতকে ওঠে সে! এভাবেই মেঘনা গুলজারের 'ছপাক' ছবির ট্রেলারে দেখা যায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ূকোনকে। এই ছবিতে দীপিকা অভিনয় করেছেন অ্যাসিড আক্রান্ত যোদ্ধা লক্ষ্মী আগাওয়ালের ভূমিকায়। 'ছপাক' ছবির ফার্স্টলুকে দেখা গিয়েছিল দীপিকার চেহারা অ্যাসিড আক্রান্তের মতোই কুঁচকে গেছে। একঝলকে লক্ষ্মী আগাওয়ালের সঙ্গে তার চেহারার তেমন কোনো অমিল তো চোখে পড়ে না। বরং দীপিকাকে যে এই চরিত্রে যথোপযুক্ত মানিয়েছে।

ফলে সবাই বলছেন 'পদ্মাবত' ছবির পর আবারও রুপালি পর্দায় দেখা যাবে দীপিকা-ম্যাজিক। ফলে দীপিকা আবারও রাজ করবেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি নিজের এই ছবির প্রচারে এসে ভারতীয় এক গণমাধ্যমে দীপিকা বলেন, 'কী ভালোই না হতো, যদি বাজারে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ হতো, তাহলে হয়তো শয়ে শয়ে মেয়েকে এভাবে পুড়তে হতো না। কোঁচকানো চামড়া, ক্ষত-বিক্ষত চেহারার অভিশপ্ত জীবন নিয়ে বাঁচতে হতো না'। 'ছপাক' ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কম কাঠখড় পোড়াতে হয়নি দীপিকাকে। জানা গেছে, শুটিং ফ্লোরে নামার আগে দীপিকা বেশ হোমওয়ার্ক করেছিলেন। পরিচালক তাকে সিডি, পেনড্রাইভে অনেক রেফারেন্স দিয়েছিলেন। দীপিকা সেগুলো সময় নিয়ে দেখেছেন এবং একজন অ্যাসিড আক্রান্ত নারীর জীবনে যে কঠিন বাস্তবতা, তাদের প্রতিদিনের জীবনযুদ্ধের সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করেছেন। যাকে পর্দায় সেই কঠিন যন্ত্রণা ফুটিয়ে তুলতে পারেন। শুটিংয়ের সময় এই চরিত্রের জন্য অনেক বেশি সময় নিয়ে তাকে মেকআপ করতে হতো। এমনকি আজ অবধি যে ক'টা ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি হোমওয়ার্ক করেছেন 'ছপাক'-এর মালতী চরিত্রের জন্যই এ কথা জানিয়েছিলেন দীপিকা নিজেই।

'ছপাক'-এ দীপিকার চরিত্রের নাম মালতী এবং তার স্বামী অমলের ভূমিকায় অভিনয় করেছেন 'মির্জাপুর' খ্যাত অভিনেতা বিক্রান্ত মাসে। ২০০৫ সালে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগাওয়ালের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে এ ছবি। ইনস্টগ্রামে দীপিকা 'ছপাক' ছবির 'মালতী' চরিত্রে অভিনয় নিয়ে লিখেছেন, 'একটা চরিত্র, যা আমার সঙ্গে সারাজীবন থেকে যাবে।' দীপিকার মতো দর্শকের মনেও কি সেভাবে গেঁথে যাবে 'মালতী'র কথা? বদলাবে 'শাস্তি' দেওয়ার মানসিকতা? যা থেকে নতুন করে বাঁচার তাগিদ পাবেন কোণঠাসা হয়ে যাওয়া অ্যাসিড আক্রান্ত নারীরা? তা সময়ই বলে দেবে। ছবিটি মুক্তি পাবে আগামীকাল।

আরও পড়ুন

×