ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বইয়ের খোঁজ

তুলতুলে হাঁসের ছানার মতো ‘শিশু বিচিত্রা’

তুলতুলে হাঁসের ছানার মতো ‘শিশু বিচিত্রা’
×
×

ইমরুল ইউসুফ

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

ফুটফুটে এক সকালে হাঁসছানার মতো তুলতুলে একটি পত্রিকা হাতে এলো। পত্রিকাটি তখনও কাঁচা। বাঁধাই শুকাতে ঢের বাকি। তারপরও আলতো করে পত্রিকার পাতা উল্টালাম। সঙ্গে সঙ্গে হাতে, মুখে ছড়িয়ে পড়লো রংধনুর সাতরং! পত্রিকাটি এত রঙিন, এত চমৎকার মেকআপ যে চোখে আরাম লাগে। পাতা ওল্টাতে ওল্টাতে ভেতরে ঢুকছি। কিছু কিছু পড়ছি। আবার দেখছি। আবার পড়ছি। ছবি, আঁকা, লেখা, হরফ সব তরফই ইন্দ্রিয়ে সাড়া জাগাচ্ছে। ছোটো ছোটো বাক্য, ছোটো বড়ো ছবি, গল্প কিংবা প্রবন্ধের ইনসার্ট সবই বেশ আকর্ষণীয়। নাহ, আর বর্ণনা নয়। এখন সরাসরি পত্রিকার নামটি বলে ফেলি– ‘শিশু বিচিত্রা’। শিশু-কিশোরদের এই সাময়িকীর প্রথম সংখ্যা শিশুদের স্বপ্নের রাজ্যে ভাসাতে রাজহাঁসের মতো হেলেদুলে রাজকীয়ভাবে বাজারে এসেছে! চমৎকার এই পত্রিকাটি সম্পাদনা করেছেন গাজী তানভীর আহমদ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, জসীমউদদীন, আল মাহমুদ, বন্দে আলী মিয়া থেকে সময়ের আলোচিত সব লেখকের লেখাই পেয়ে যাবে এক মলাটে। পত্রিকাটিতে স্থান পেয়েছে ছোটোদের আঁকা এবং লেখাও। গল্প ছড়ার সঙ্গে মিলতাল করে ছবি এঁকেছেন–ধ্রুব এষ, মামুন হোসাইন ও মিনাক্ষী বিশ্বাস। হাশেম খানের নামলিপি ব্যবহারে পত্রিকাটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ৮৬/১ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত ঝকঝকে ছাপা ও বাঁধাইসংবলিত সংগ্রহে রাখার মতো ক্রাউন সাইজের ২০০ পৃষ্ঠার এই শিশু কিশোর সাময়িকীটির দাম ২০০ টাকা। পড়ে জানিও আমাদের, কেমন লাগলো; ঠিক আছে? 

আরও পড়ুন

×