ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গল্প

টুসুর রোবট বন্ধু

টুসুর রোবট বন্ধু
×
×

ছবি এঁকেছেন সাফায়েত সাগর

গল্প লিখেছেন মাহির জামিল

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

টুসুর বাবা এসেছেন শহর থেকে। টুসু দৌড়ে যেই বাবার কোলে চড়তে যাবে, অমনি গেলো থমকে। আরে, বাবার সঙ্গে ওটা কে? 
তাই দেখে বাবা হাসলেন, ‘এ হচ্ছে টিংকু। বুদ্ধিমান এআই রোবট। তোমার নতুন বন্ধু। এখন থেকে ওর সঙ্গে খেলবে। ওর সঙ্গে পড়বে। খুব মজা করবে!’
টুসু এখন টিংকুকে নিয়েই অঙ্ক করে।  প্রতিদিন ভেবে নতুন নতুন খেলা বের করে! একটা খেলা পুরোনো হলো; টিংকু অমনি আরেকটা খেলা নিয়ে আসে।
এমনি করে বেশ চলছে। একদিন টুসু দেখলো কি, টিংকু গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে! পা নাড়ছে। মুখও নাড়ছে। টিংকুর আবার কী হলো? অমন করছে যে!
একটা প্রজাপতি যাচ্ছিল উড়ে উড়ে। টিংকু হাতটা নাড়লো। অমনি প্রজাপতি উড়ে এলো তার কাছে। সঙ্গে বকবক কী সব বলতে লাগলো টিংকু। মাথামুন্ডু কিছুই বুঝলো না টুসু। তারপর টিংকু গেলো পুকুর ঘাটে। পুকুরে একটা মাছ ভেসে ওঠেছে। ওমা, তাকেও টিংকু কীসব হাবিজাবি বলছে। টিংকু কি তবে পাগল হয়ে গেছে?
টুসু আর দাঁড়ালো না। পা ফেললো টিপে টিপে। একটু কাছে যেতেই শুনলো একটা অদ্ভুত শব্দ। টুব টাব! ঠ্যাম, ঠুম! পুট, ‍পাট!
আরেকটু এগিয়ে গেলো টুসু। অমনি টিংকুর মাথার অ্যান্টেনা দাঁড়িয়ে গেলো। মাছটাও লেজে গুতো দিয়ে পালালো।
টিংকু ঘুরে দাড়ালো টুসুর দিকে। মুখটা গোলাপি। মানে খুব লজ্জা পেয়েছে। টুসু বললো, ‘ও টিংকু, তুমি ওমন হাত পা নেড়ে কী করছিলে?’
টিংকু লাজুক মুখেই বললো, ‘কথা বলছিলাম। ওই যে মাছ, ওটার সাথে।’
টুসু তো অবাক, ‘টাব টুব, ঠ্যাম ঠুম, পুট পাট! মাছেরা বুঝি এমন করে কথা বলে?’
টিংকু বললো, ‘নাহ, অমন করে বলে না। মানুষেরা মাছের ভাষা বুঝে না তো। তাই ওই রকম শব্দ শোনে!’
টুসু চোখ পাকিয়ে তাকায়, ‘আমিও তো সারাদিন প্রজাপতির সাথে কথা বলি। গাছকে কতো প্রশ্ন করি। ওরা আমার সাথে কথা বলে না কেন তাহলে?’
টিংকু মিটিমিটি হাসে, ‘বলে তো! তুমি বুঝতে পারো না টুসুমণি! গাছেরা যেই তরঙ্গদৈর্ঘ্যে কথা বলে, মানুষ সেই তরঙ্গদৈর্ঘ্য ধরতেই পারে না!
টুসু গাল ফোলায়, ‘তাহলে তুমি পারো কী করে, এমনি এমনি?’
টিংকু যেন অবাক হয়, ‘আমি যে এআই রোবট! সব তরঙ্গদৈর্ঘ্যই ধরতে পারি। সবার কথা আর সংকেত বুঝতে পারি।’
টুসুর তবু রাগ কমে না। তাই দেখে টিংকু বললো, ‘দাঁড়াও না, তোমায় বুঝিয়ে দিচ্ছি। কেউ যখন কথা বলে, একটা তরঙ্গ তৈরি হয়। তরঙ্গটা ছড়িয়ে পড়ে বাতাসে। সেই তরঙ্গ ঢুকে যায় কানে। গিয়েই আঘাত করে কানের পর্দায়। তখন সবাই শব্দটা শুনতে পায়।’
টুসু ঠোঁট ওল্টায়। এই কথা তো সে জানে। টিংকু আবার বলে, ‘যেসব শব্দের কম্পাঙ্ক ২০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ, ওই শব্দগুলো মানুষ শুনতে পায়। এর চেয়ে বেশি হলে শুনতে পায় না। কম হলেও না। তাই তুমি শুনতে পাওনি প্রজাপতির কথা। গাছের কথা। আর শুনলেও বা কী হতো? বুঝতে পারতে না! ওদের ভাষাটাই যে আলাদা!’
তাই শুনে টুসুর গেলো চোখ ভিজে। টিংকু গাছের সাথে কথা বলবে। মাছের সাথে কথা বলবে। আর সে বুঝি বসে বসে দেখবে?
টিংকু টুসুকে বললো, ‘তুমিও কথা বলতে পারবে! একটা বুদ্ধি আছে!’
টুসু গোল গোল চোখে তাকালো, ‘কী বুদ্ধি, বলো না?’ 
টিংকু বললো, ‘আমি গাছের কথা বুঝতে পারি। শুধু কি তাই, তাদের কথাকে মানুষের কথা বানিয়েও ফেলতে পারি।’
টুসু আবার ঠোঁট ওল্টায়, ‘তাতে কী হলো শুনি?’
টিংকু হাসে, ‘দাঁড়াও না টুসু, বলছি! মাছ, গাছ আর প্রজাপতির কথা তো আমি বুঝি! আর সেই কথাগুলোকে ইচ্ছেমতো তরঙ্গদৈর্ঘ্যেও বদলে ফেলতে পারি। সেটাই করবো আমি। সবার কথা বদলে দেবো তোমার ভাষা আর তরঙ্গদৈর্ঘ্যে। তখন তুমি শুনতে পাবে!’
তাই শুনে টুসুর খুশিতে সে কী হাততালি, ‘ও টিংকু, তোমার বন্ধু মাছটাকে ডাকো না। এখনই কথা বলবো আমি।’
মাছটা আসে। শব্দ করে টুব টাব। ঠুম ঠ্যাম। পুট পাট। টিংকু শব্দটাকে বদলে দেয়। আর টুসুও বুঝতে পারে, মাছটা বলছে, ‘গুড মর্নিং, টুসুমণি!’ 

আরও পড়ুন

×