ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছড়া-কবিতা

ছড়া-কবিতা
×
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৩:১১

| প্রিন্ট সংস্করণ

আ ল ম   সি দ্দি কী  
পানকৌড়ি

মাছের পিঠে দেয় বসিয়ে নিজের বাঁকা ঠোঁট 
রোদের মাচায় ডানা মেলে শুকোয় গায়ের কোট
হাঁসের মতো চ‍্যাপ্টা পায়ে দাঁড়িয়ে থাকে ঠায়
জলের তলে ডুব-সাঁতারে শিকার ধরে খায়‍।

এই ডুবুরি পানকৌড়ি পাখি জলচর 
গাছের ডালে মিলেমিশে বাঁধে তাদের ঘর
জলের নিচে স্বচ্ছ থাকে তাদের দুটি চোখ
হারিয়ে যাওয়ার আগেই তাদের পুনর্বাসন হোক!
 

সোনা ব‍্যাঙ

সোনার মতো অঙ্গ বরণ হলুদিয়া ব‍্যাঙ
জলাশয়ে পুকুর ডোবায় নাচায় লম্বা ঠ‍্যাং
বুলফ্রগ বা সোনা ব‍্যাঙের আরেকটি নাম কোলা
বর্ষাকালে এরাই বেশি পানি করে ঘোলা‍।

পেট ফোলা আর গলা ফোলা ভাসা ভাসা চোখ
গ্রীষ্মকালে ডাঙায় বসে পালন করে শোক?
জলে নেমে সুরে সুরে স্ত্রী ব‍্যাঙকে ডাকে
প্রজননের জন‍্য জলে স্বপ্ন-ছবি আঁকে।
 

সানডিউ

পাতায় পাতায় শিশির কণা ঝিকিমিকি আলো
মাংসাশী এক শিকারি গাছ সহসা চমকালো 
তার ওপরে বসে যখন মশা-মাছি, পোকা
আঠার ফাঁদে আটকে গিয়ে খায় তখনি ধোঁকা।

পাতার গায়ে কিংবা ডগায় মিষ্টি আঠার ফোঁটা,
পোকা এলেই ধীরে ধীরে জড়িয়ে ধরে ওটা।
পোকা খেয়ে গাছ বড় হয় অন‍্যরকম ঢং,
সানডিউ এক শিকারি গাছ, বাহারি তার রং!
 

আরও পড়ুন

×