ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও গুলি উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ০২:০৭
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন টহল দল সীমান্ত এলাকায় একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে হাতের ব্যাগ ফেলে ইন্ডিয়ার অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত ব্যাগটি খুলে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ় ও সদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমালের সুরক্ষায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- বিষয় :
- ফেনী