ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গুলশান লেকপার্ক

হেমন্তের সন্ধ্যায় সুরের মেলবন্ধন

হেমন্তের সন্ধ্যায় সুরের মেলবন্ধন
×
×

গুলশান লেকপার্কে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’র আয়োজন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ২৩:৩৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ২৩:৩৪

নগরজীবনের ব্যস্ততা ছাপিয়ে হেমন্তের আবহে কিছুটা সময় গানের সঙ্গে কাটালেন গুলশানের বাসিন্দারা। রবীন্দ্রনাথের গানের স্নিগ্ধতা থেকে আধুনিক গানের পরিচিত সুর-দুই ধারার সংগীতেই জমে উঠেছিল সন্ধ্যার আয়োজন। গানের সঙ্গে শ্রোতাদের কণ্ঠ মেলানোয় খোলা আকাশের নিচে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।

আজ শনিবার সন্ধ্যায় গুলশান লেকপার্কে গুলশান সোসাইটির উদ্যোগে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন অদিতি মহসীন ও বাপ্পা মজুমদার।

সন্ধ্যার প্রথম পর্ব সাজানো হয় রবীন্দ্রসংগীত দিয়ে। মঞ্চে অদিতি মহসীনের কণ্ঠে একে একে শোনা যায় ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ ও ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ বেশ কয়েকটি গান। রবীন্দ্রসংগীতের পরিচিত সুরে মুগ্ধ হয়ে থাকেন উপস্থিত শ্রোতারা।

প্রথম পর্বের রেশ ধরে এরপর মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’ দিয়ে শুরু করে তিনি পরিবেশন করেন ‘পরী’, ‘আগে যদি জানতাম’, ‘দিন বাড়ি যায়’, ‘বায়োস্কোপ’ ও ‘গাড়ি চলে না’সহ আটটি গান। তার জনপ্রিয় গানের সঙ্গে শ্রোতাদের কণ্ঠ মেলানোয় আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

সংগীত পরিবেশনার পাশাপাশি আয়োজনের ভাবনা ও উদ্দেশ্যও তুলে ধরা হয়। গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হেমন্ত বাংলার আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। মাঠের সোনালি ধান, কৃষকের মুখের হাসি আর ফসল ঘরে তোলার আনন্দকে ঘিরে এ ঋতুতে নানা উৎসবের প্রচলন রয়েছে। তবে নাগরিক জীবনে এসব ঋতুভিত্তিক উদযাপনের চর্চা অনেকটাই কমে এসেছে। হেমন্তকে ভুলে না গিয়ে এর ঐতিহ্য ও আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন।

বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ধর্মীয় পরিচয় আলাদা হলেও বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সবাইকে অভিন্ন বন্ধনে যুক্ত করে। এ পরিচয়গুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই।

ওমর সাদাত আরও বলেন, নগরজীবনে প্রতিবেশীদের মধ্যে পরিচয় ও পারস্পরিক সৌহার্দ্য তৈরিতে সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ঋতুভিত্তিক উৎসব নতুন প্রজন্মকে শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

আরও পড়ুন

×