ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি

অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে গুলি
×
×

গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ২২:২১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ২২:৪৯

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি। এ ঘটনায় আজ শনিবার মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন ফার্মেসির ব্যবস্থাপক রাসেল তালুকদার।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর থানার বাবর রোডে অবস্থিত অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সৈয়দ হাসান নুর ইসলাম। সম্প্রতি ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে রাসেলের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ার কারণে এ গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মামলার বাদী রাসেল তালুকদার সমকালকে বলেন, রাত ১১টার দিকে তিনি ক্যাশের টাকা হিসাব করছিলেন। এ সময় দুটি গুলি এসে কাচ ভেঙে ডেস্কের ওপর পড়ে। বাইরে আরও একটি গুলি করা হয়।

পুলিশ জানায়, গুলি করে মোটরসাইকেলে পালানোর সময় দুর্বৃত্তদের ধরার চেষ্টা করেন ঘটনাস্থলে থাকা লোকজন। তবে দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র থাকায় পরে আর কেউ এগিয়ে যাননি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা সমকালকে বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×