ইট মারলে পাটকেল খেতে হতে পারে, মব নিয়ে জেডআই খান পান্না
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৯:০৬
ভয়ের যে সংস্কৃতি সেটা রাজনীতিক সংস্কৃতি থেকে এসেছে। এখন মব করে মানুষ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে। আমি বলছি না যে, আওয়ামী লীগ সরকারের সময় এটি ছিল না। তখন কখনো কখনো পুলিশের সঙ্গে যুবলীগ কিংবা আওয়ামী লীগের মাস্তানরা গেছে, তবে লুকিয়ে। মব সংস্কৃতি এটা রাজনীতির জন্য ভয়াবহ দিক। মাথায় থাকা দরকার, ইট মারলে পাটকেল খেতে হতে পারে। সামনে আরো ভয়াবহ কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে শনিবার জনস্বার্থে মামলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন আসকের চেয়ারপারসন ও সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ডেইলি স্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। জনস্বার্থে মামলা দায়ের কেনো প্রয়োজন হচ্ছে-এ বিষয়ে আসকের আইনজীবী শাহিনুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
জেড আই খান পান্না বলেন, আমাদের এক আইনজীবী পরিবারসহ কেএফসিতে যাচ্ছিলেন। পথে যুবদল মব করে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এগুলো তো আমাদের জন্য ভয়াবহ ব্যাপার।
সম্প্রতি এনসিপির সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ায় গ্রামের বাড়ি আগুনের ঘটনা উল্লেখ করে জেড আই খান পান্না বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে যেভাবেই হোক আগুন লাগছে। এটা লাগিয়ে দেওয়া হয়েছে, নাকি লাগছে এটা বিচার্য বিষয়। কিন্তু এটা ভয়াবহ দিক।
তিনি আরও বলেন, জনস্বার্থে মামলা বিষয়ে সবাইকে সবাইকে নিজ নিজ স্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর হেফাজতের মৃত্যুর বিষয়ে আইনে আরো যুগোপযোগী করতে কাজ করতে হবে।
হেফাজতে মৃত্যুর আইন বিষয়ে আসকের মহাসচিব ব্যারিস্টার নাজিয়া কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করে যখন ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করে সেসময় একজন ডাক্তার থাকা আবশ্যক। কারণ তাকে আটকের পর নির্যাতন করা হয়েছে কি না সেটি অবশ্যই ডাক্তার দেখে প্রমাণ করবেন।
তিনি আরো বলেন, থানা হাজতে সিসি ক্যামেরা সাউন্ডসহ থাকা জরুরি। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন রুখতে ‘থার্ড আই’ রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার নাজিয়া কবির বলেন, আইনে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হলেও তা চলে বছরের পর বছর। আর যেহেতু হেফাজতে মৃত্যু সেক্ষেত্রে এ মামলা পুলিশ না তদন্ত করে বিচার বিভাগীয়র মাধ্যমে তদন্ত করলে আরো গ্রহণযোগ্য হবে। কারণ পুলিশের বিরুদ্ধে মামলা, পুলিশই তদন্ত করলে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।
মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, হেফাজতে মৃত্যু ঘটলে আমরা কি সহজে মামলা করতে পারি। আর পুলিশের বিরুদ্ধে মামলা করে কয়জন ভালোভাবে থাকতে পারেন। চারিদিক থেকে যেভাবে হুমকি আসে তাতে করে তার জীবন দুর্বিষহ করে তোলে। এই অবস্থায় মামলা করতে কেউ সাহসও করে না।
তিনি বলেন, থানা হাজত, আদালতের গারদখানা এবং জেলখানার ভেতরের প্রথম পার্ট আমদানি এসব স্থান তো মানুষ থাকতে পারে কি না সেটা দেখতে হবে।
আসকের সিনিয়র সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির বলেন, হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনাগুলো যেভাবে ঘটছে সেভাবে মামলা হচ্ছে না। কারণ ভুক্তভোগীর পরিবার আসলে মামলা করতে সাহস করে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে মামলা করার মত পরিবেশ পরিস্থিতি এখনও সহায়ক নয়।
- বিষয় :
- মব সহিংসতা
- জেড আই খান পান্না
- আসক