ঢাকায় শুরু হচ্ছে ইয়ুথ ট্যুরিজম এক্সপো, থাকবে ক্যারিয়ার সামিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৮:১৩
দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬।
আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এ এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
১৯ নভেম্বর দুপুর ১২টায় এক্সপোর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।
আয়োজকেরা জানান, মেলার প্রথম দিন সকাল ১০টা থেকেই দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। বিকেল ৫টায় থাকবে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। দিনের শেষ আয়োজন হিসেবে সন্ধ্যা সাড়ে ছয়টায় সংগীত পরিবেশন করবেন শিল্পী তাসরিফ খান।
দ্বিতীয় দিন ২০ নভেম্বর পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। পাশাপাশি থাকবে ট্যুরিজম বিজনেস নেটওয়ার্কিং, পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনী এবং দর্শনার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন আয়োজন।
২১ নভেম্বর মেলার শেষ দিনে প্রদর্শনী ও মেলার পাশাপাশি প্রদর্শকদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ, অংশীদারদের অভিজ্ঞতা বিনিময় ও সম্মাননা প্রদান এবং গ্র্যান্ড র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ পর্যটনপ্রেমীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে এ এক্সপো অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে ভূমিকা রাখবে। দেশের অভ্যন্তরীণ পর্যটনকে উদ্যাপন, প্রচার ও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
ইট্যাবের সভাপতি ও এক্সপোর আহ্বায়ক মো. ইমরানুল আলম বলেন, দেশে অভ্যন্তরীণ পর্যটনকে কেন্দ্র করে বড় পরিসরে মেলা আয়োজনের নজির কম। সাধারণত আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রিক আয়োজনই বেশি হয়। এবার দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যকে ঘিরে বৃহৎ পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে।
ইমরানুল আলম বলেন, ‘সেসব গন্তব্যের সুযোগ-সুবিধা তুলে ধরে দেশের পর্যটন খাতে একটি বিপ্লব ঘটাতে চাই। বিশেষ করে, এখন পর্যটন খাতে হাজারো তরুণ উদ্যোক্তা রয়েছেন। তাঁদের তারুণ্যকে কাজে লাগিয়ে সরকার, প্রশাসন, উদ্যোক্তা ও পর্যটকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে এই মেলা।’
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে থাকবে ৫৮টি বিশেষায়িত স্টল। সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ ইকো ট্যুরিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা তাঁদের কাজের ধরন অনুযায়ী এসব স্টল সাজাবেন।
ইমরানুল আলম বলেন, ‘এই মেলা সরকারের জন্য একটি প্রেসার ইভেন্ট হবে। দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যের যোগাযোগব্যবস্থাসহ নানা সমস্যা এখানে তুলে ধরা হবে। এসব সমস্যা সমাধানে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চাপ দেওয়া যাবে।’ সংবাদ বিজ্ঞপ্তি