ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৪৫ কোটির স্থাপনা ১১ বছরেও চালু হয়নি, ইজারার পরিকল্পনা

৪৫ কোটির স্থাপনা ১১ বছরেও  চালু হয়নি, ইজারার পরিকল্পনা
×
×

ছবি: শহিদুল আলম

শহিদুল আলম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০৮:১৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ১৯:৫৩

| প্রিন্ট সংস্করণ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিপুল ব্যয়ে নির্মাণ করেছিল আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কমিউনিটি সেন্টার ও ক্লাব ভবন। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার ১১ বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি ভবনটি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো। প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিকে কাজে লাগাতে না পারাকে অর্থের অপচয় ও কর্তৃপক্ষের চরম ব্যর্থতা বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এর দায়দায়িত্ব কর্তৃপক্ষকে বহন করতে হবে বলে তারা মনে করেন। সর্বশেষ জানা গেছে, ভবনটি ইজারা দেওয়ার পরিকল্পনা করছে বেবিচক। কিন্তু মন্ত্রণালয় রাজি না হওয়ায় বিনিয়োগকারী খোঁজা হচ্ছে বলে সূত্রে জানা গেছে। 

জানা যায়, আধুনিক সুবিধাসম্পন্ন কমিউনিটি সেন্টার ও ক্লাব ভবনে ৫০০ আসনের কনভেনশন হল, ইনডোর গেমসের ব্যবস্থা, পাঠাগার, সাইবার ক্যাফে ও অতিথি কক্ষ থাকার কথা। কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বাণিজ্যিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে রাজস্ব আয়েরও পরিকল্পনা ছিল।

কিন্তু নির্মাণ শেষ হওয়ার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও ভবনটি কাজে লাগানো যায়নি। বরং ব্যবহার না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাদের শিট, বৃষ্টির পানি নিষ্কাশনের পাইপ, শৌচাগার ও কাচের পার্টিশন। কোথাও পানি পড়ছে, কোথাও নষ্ট হয়েছে প্রয়োজনীয় অবকাঠামো। বেবিচক-সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে জানান, ভবনটির সঙ্গে সংযোগ সড়ক, অভ্যন্তরীণ চলাচলের রাস্তা ও গাড়ি পার্কিংয়ের জায়গা নির্মাণ এবং বৈদ্যুতিক কাজেও বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ের পরও স্থাপনাটি কার্যকরভাবে চালু করা যায়নি। ফলে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সম্প্রতি সংস্থাটির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিমান মন্ত্রণালয়ে বেসরকারি খাতে ইজারা দেওয়ার জন্য অনুমতি চাইলেও তা পাওয়া যায়নি। এখন সেটি সংস্কার ও বাণিজ্যিকভাবে চালু করতে নতুন করে প্রায় ১৫ কোটি টাকা খরচের প্রস্তাব সামনে রেখে বেসরকারি বিনিয়োগকারী খুঁজছে বেবিচক।

বেবিচকের বোর্ড সভার কার্যবিবরণী অনুযায়ী, রাজধানীর বিমানবন্দরের কাওলা আবাসিক এলাকায় কমিউনিটি সেন্টার ও ক্লাব ভবন নির্মাণে সংস্থাটির নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে ১৯ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৬৪৮ টাকা। ২০১০ সালের ৯ জুন নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ২০১৫ সালের ৩০ জুন। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স এমএনএইচসিএল-এমবিই কনসোর্টিয়াম জেভি।
সূত্র জানায়, প্রকল্পটির মোট জমির পরিমাণ এক লাখ ৯৯ হাজার ৮২০ বর্গফুট। মূল কনভেনশন হল ও এর সহায়ক স্থাপনার আয়তন ২৬ হাজার ৮০০ বর্গফুট। অ্যানেক্স ভবনের আয়তন ২৯ হাজার ৫০০ বর্গফুট। সব মিলিয়ে নির্মিত স্থাপনার আয়তন ৫৬ হাজার ৩০০ বর্গফুট। 

পরিকল্পনা অনুযায়ী, কমিউনিটি সেন্টারটিতে ৫০০ জনের ধারণক্ষমতাসম্পন্ন কনভেনশন হল, ইনডোর গেমসের জায়গা, পাঠাগার, সাইবার ক্যাফে ও অতিথি কক্ষ রয়েছে। পার্কিং, সংযোগ সড়ক এবং ভবনের ভেতরে চলাচলের সুবিধা তৈরির ব্যবস্থাও রাখা হয়। কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বাণিজ্যিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ ছিল। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এসব সুবিধা ব্যবহার করে রাজস্ব আয় করার সম্ভাবনাও ছিল। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও স্থাপনাটি সেই উদ্দেশ্যে কার্যকরভাবে চালু করা যায়নি।

বেবিচকের বোর্ড সভার কার্যবিবরণীতে ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে। ভবনটির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়নি। এ অবস্থায় কমিউনিটি সেন্টারটি সচল করতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাণিজ্যিক ইজারা দেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। প্রস্তাব অনুযায়ী, বেসরকারি বিনিয়োগকারী প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ভবনটির সংস্কার, অভ্যন্তরীণ সাজসজ্জা, ফিনিশিং ও অন্যান্য উন্নয়নকাজ করতে পারবেন। দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে স্থাপনাটিকে বাণিজ্যিকভাবে চালু করার উদ্যোগ নেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে বিনিয়োগের বিপরীতে স্থাপনাটি থেকে রাজস্ব আয় শুরুর বিষয়টিও অনিশ্চিত রয়ে গেছে।

শুধু ভবন নির্মাণেই ব্যয় সীমাবদ্ধ ছিল না। কমিউনিটি সেন্টারটি ব্যবহার উপযোগী করার লক্ষ্যে যোগাযোগ ও অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নেও কাজ করেছে বেবিচক। ন্যাশনাল ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে রাস্তা, অভ্যন্তরীণ চলাচলের সড়ক এবং পার্কিংয়ের জায়গা নির্মাণের কাজ করা হয়। নথি অনুযায়ী, অভ্যন্তরীণ সড়ক ও পার্কিং নির্মাণের আওতায় ৪০ হাজার বর্গফুট, মূল সড়ক থেকে বৈদ্যুতিক সাবস্টেশন পর্যন্ত ৩৮ হাজার বর্গফুট এবং অতিরিক্ত পার্কিং পর্যন্ত সাত হাজার ৩০০ বর্গফুট এলাকার সড়ক নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। মূল সড়ক থেকে সাবস্টেশন পর্যন্ত সড়কের দৈর্ঘ্য এক হাজার ৬০ ফুট এবং অতিরিক্ত গাড়ি পার্কিং পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য ২৬০ ফুট।

এসব রাস্তা ও পার্কিং অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি টাকা। বৈদ্যুতিক কাজেও ব্যয় হয়েছে আরও পাঁচ কোটি টাকা। অর্থাৎ, কমিউনিটি সেন্টার নির্মাণ, সড়ক ও পার্কিং অবকাঠামো এবং বৈদ্যুতিক কাজ মিলিয়ে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। 

জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এসএম লাবলুর রহমান বলেন, কাওলায় সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারের পাশে নির্মিত কমিউনিটি সেন্টারটি দীর্ঘদিন ধরে চালু না করায় সেটি অচল অবস্থায় পড়ে আছে। সম্প্রতি ভবনটি পরিদর্শন করা হয়েছে। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ভবনটি এখন চালু করতে হলে আরও কোটি টাকা খরচ করতে হবে। এ কারণে বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান আধুনিক মানের পরিচালনা করার সক্ষমতা রাখে, তাদের হাতেই পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, ১১ বছর আগে নির্মিত কমিউনিট সেন্টার এখনও চালু না হওয়া সরকারের অর্থের অপচয়ের পাশাপাশি কর্তৃপক্ষের ব্যর্থতা। বিষয়টির তদন্ত হওয়া জরুরি। 

আরও পড়ুন

×