ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নানা আয়োজনে বিএমইউতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

নানা আয়োজনে বিএমইউতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
×
×

নানা আয়োজনে বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ | ০০:৫৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ | ০১:০১

বর্ণাঢ্য র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ পালন করা হয়েছে।

দুর্ঘটনা ও বিভিন্ন রোগে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া মানুষকে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলা এবং আধুনিক পুনর্বাসনসেবার সম্প্রসারণের অঙ্গীকার নিয়ে আজ শনিবার দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং পুনর্বাসনসেবা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের স্টল পরিদর্শনসহ নানা আয়োজন করা হয়।

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (বিএসপিএমআর) নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ও অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারসহ বিশ্ববিদ্যালয় ও চিকিৎসক সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, ‘আমি নিজেও একজন রোগী। কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। বর্তমানে রোবটিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা নিচ্ছি। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবাকে যেমন প্রসারিত করতে হবে, তেমনি এর প্রচারও বাড়াতে হবে। সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে এ চিকিৎসাসেবা সম্পর্কে বেশি বেশি প্রচার করতে হবে, যাতে সাধারণ মানুষ ও রোগীরা উপকৃত হন।’

তিনি আরও বলেন, দেশের চিকিৎসাসেবা ও চিকিৎসকদের নিয়ে তিনি গর্বিত। রোগীদের দেশেই চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতা যেন কোনোভাবেই রাজনৈতিক কারণে অবমূল্যায়িত না হয়।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, অপারেশনের পর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একাধিক অস্ত্রোপচারের পরও পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও দেশের জন্য অবদান রাখতে পেরেছেন।

বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্ট্রোক ও দুর্ঘটনার পর রোগীরা শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক ট্রমার মধ্যেও থাকেন। এ অবস্থা থেকে উত্তরণে পুনর্বাসন চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তিনি ফিজিক্যাল মেডিসিন খাতে দক্ষ জনবল তৈরি এবং পুনর্বাসনসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

দিবসের শুরুতে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়।

অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, স্ট্রোক ও দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে মানুষ কর্মক্ষমতা হারান। এসব রোগীর অস্ত্রোপচারের পাশাপাশি পরবর্তী সময়ে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা প্রয়োজন। এ চিকিৎসার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর বলেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের বিভিন্ন সাব-স্পেশালিটি গড়ে তোলা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোবটিক রিহ্যাবিলিটেশন, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দেশে পুনর্বাসন চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব।

বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন জানান, এবারের দিবসের প্রতিপাদ্য ‘Developing Sub Specialties, Developing PMR’। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের বিভিন্ন সাব-স্পেশালিটির বিকাশ, আধুনিক চিকিৎসার সম্প্রসারণ, গবেষণা ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং জনগণের জন্য মানসম্মত পুনর্বাসনসেবা নিশ্চিত করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য।

সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ বলেন, সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, বাতব্যথা, ক্যান্সার, জন্মগত ও স্নায়বিক প্রতিবন্ধকতা এবং বয়সজনিত শারীরিক অক্ষমতার কারণে বিপুলসংখ্যক মানুষের পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন। রোগীদের কার্যক্ষমতা ফিরিয়ে আনা, ব্যথা নিয়ন্ত্রণ, দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা অর্জন এবং সামাজিক ও পেশাগত জীবনে পুনরায় অংশগ্রহণ নিশ্চিত করতে এ চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৈজ্ঞানিক পর্বে নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশন, স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, ক্যান্সার ও লিম্ফেডিমা রিহ্যাবিলিটেশন, স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং রিহ্যাবিলিটেশন এবং মাস্কুলোস্কেলেটাল অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব-স্পেশালিটির গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। স্বাগত বক্তব্য দেন ডা. মো. কামরুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মো. সোহেল রানা। সার্বিক আয়োজনে র‍্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ ও সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল।

বিএসপিএমআর এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও পেশাজীবী নেতারা অংশ নেন।

আরও পড়ুন

×