গল্প
শায়নের বুদ্ধি
ছবি এঁকেছেন সাফায়েত সাগর
রঞ্জু খন্দকার
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৩:১২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ১৫:৩৬
| প্রিন্ট সংস্করণ
এক কাঁধে মায়ের হাতব্যাগ রেখে আরেক কাঁধ উঁচিয়ে স্কুলে ঢুকলো শায়ন। একেবারে লিকলিকে একটি ছেলে! অথচ এই ছেলেটাই ঘটায় যত কাণ্ড!
সে যাক, স্কুলে ঢুকেই অফিসের টেবিলে ব্যাগ রেখে ফুটবলটা নিয়ে ভোঁ দৌড় মাঠে। মাঠে পা রেখেই সজোরে কিক!
‘পড়বি তো পড় মালির ঘাড়ে!’– বল গিয়ে পড়লো এক্কেবারে আলম স্যারের মাথায়!
এই আলম স্যার আবার প্রধান শিক্ষক। তা প্রধান শিক্ষকের ‘স্টেডিয়ামে’ বল লেগেছে। বড় ক্লাসের সবাই ফিসফাস রব তুললো বারান্দায়। ছোট ক্লাসের শিশুরা হেসেই খুন! গুঞ্জন শুনে শায়নের মা রোজিনা ম্যাডাম অফিস কক্ষ থেকে বেরিয়ে দেখেন, দুষ্টুমিষ্টি হাসিমুখে দাঁড়িয়ে আছে শায়ন। হেডস্যারের মুখও হাসি-হাসি।
ম্যাডামকে দেখে স্যার বললেন, ‘আপনার ছেলে তো জিনিয়াস! ওর শট যে লক্ষ্যভেদী! চশমায় একটুও টাচ না করে একেবারে মাঝমাথা বরাবর লাগিয়েছে বল!’
এই বলে টাক মাথায় বার বার দুই হাত বুলিয়ে চশমার কাচ ঘষতে শুরু করলেন।
একটা বড় নিঃশ্বাস নিয়ে বললেন, ‘এ তো সাক্ষাৎ লিও মেসি!’
‘স্যার, আমি কিন্তু মেসি নই, মেসির বাপ!’ এই বলে খিলখিল করে হেসে উঠলো শায়ন।
‘দেখেছেন স্যার, কী দুষ্টু!’ বলেই শায়নের দিকে ফিরে কপট রাগ দেখালেন রোজিনা ম্যাম। তখনও ক্লাস শুরু হয়নি। এই স্কুলে শিক্ষক-শিক্ষার্থীরা রোজ একটু আগেই আসেন। আজও তা-ই। এসেই এই ঘটনা। ততক্ষণে অন্যরা চলে এসেছে। ক্লাস শুরু হলো সময়মতো।
বিরতির সময় হেডস্যার কিছুক্ষণ মাঠের পাশে চেয়ার নিয়ে বসেন। শিক্ষার্থীদের খেলা দেখেন। আজ অনেকক্ষণ বল নিয়ে শায়নের কারিকুরি দেখলেন। আগেও দেখেছেন। এইটুকু ছেলের পায়ে কী কারুকাজ! এটা দেখে তিনিই এর আগে শায়নকে মজা করে বলেছিলেন, তুমি তো মেসি নও রে, মেসির বাপ! সেটাই শায়ন মনে রেখেছে যত্ন করে।
অফিসকক্ষে রোজিনা ম্যাডামই কথাটা তুললেন, ‘শায়নকে নিয়ে কী যে করি। শুধু খেলাধুলা। অথচ বয়স মাত্র পাঁচ-এ পড়লো। শিশু শ্রেণিতে ভর্তি করলাম। কিন্তু পড়ায় তো মনোযোগ নেই!’
হেডস্যার চশমা খুলে শার্টের কোনায় কিছুক্ষণ গ্লাস মুছে নিলেন। কিছু ভেবেচিন্তে বলতে গেলেই তিনি এমন করেন। চশমা মুছতে মুছতে বললেন, ‘আপনি তো শিশু শ্রেণির শিক্ষক। আপনার তো জানার কথা– যেসব বাচ্চা খেলায় মনোযোগী, তাদের খেলাচ্ছলেই শেখাতে হবে। শায়নকেও সেভাবেই পড়াতে হবে।’
‘বিষয়টা একটু ব্যাখ্যা করি’ সময় নিলেন আলম স্যার। শার্টের কোনায় আবার চশমা ঘষতে শুরু করলেন। বললেন, ‘শায়নকে পড়া শেখাতে হবে প্রকৃতি থেকে। সঙ্গে শিক্ষা উপকরণ ব্যবহার করে। যেমন– বর্ণ কার্ড, বর্ণ মডেল ব্যবহার করে অক্ষর, বিভিন্ন লাঠি, কাঠি ব্যবহার করে শেখাতে হবে ১, ২, ৩। নিজেকেও কিছু উদ্ভাবন করতে হবে।’
কিছুদিন পর স্কুলমাঠের গাছে থাকা দুরন্ত কাঠবিড়ালির ছানার পেছনে ফুটবল নিয়ে দৌড়াচ্ছিল শায়ন। আর চিৎকার করছিল, ‘দেখেন স্যার, কাঠবিড়ালিটা তো জীবন্ত ৯!’
শুনে বেশ মজা পেলেন হেডস্যার। ‘আরে তা-ই তো!’ যেন তিনি আজই বিষয়টি জানলেন। এবার ফুটবলটা দেখিয়ে স্যার জিজ্ঞেস করলেন, ‘বলো তো, এটা দেখতে কেমন?’ ‘মিস্টার হিরো, এটা তো মস্ত এক জিরো!’
কাঁধ নাচিয়ে শায়ন আরও জানালো, ‘এগুলো তো আমাদের ম্যাডাম শিখিয়েছেন। জানেন তো স্যার, আমি ম্যাডামেরও বাপ!’ এই বলে দুষ্টু একটা হাসি দিয়ে কাঠবিড়ালির পেছনে ফুটবল নিয়ে ছুট লাগালো শায়ন। চশমা মুছতে মুছতে মুচকি হেসে অফিস কক্ষে ঢুকলেন হেড স্যার। তাঁর মনের কোণে উঁকি দিল তৃপ্তির একটা হাসি!
- বিষয় :
- গল্প