ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা শুরু আজ 

এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা শুরু আজ 
×
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০০:৫৮

বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬’। প্রথমা প্রকাশন ও এইচএসবিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। 

আজ বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করবেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, লেখক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সজল। 

মেলার বিভিন্ন দিনে বই প্রকাশনা, আলোচনা ও পাঠকদের অংশগ্রহণে নানা আয়োজন থাকছে। আগামীকাল শনিবার মালেকা বেগম সম্পাদিত ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আজিজুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও লেখক আফসানা বেগম। 

৩০ নভেম্বর ‘সমাজের লিপিকার: কামরুদ্দীন আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং প্রাবন্ধিক ও গবেষক কুদরত-ই-হুদা। ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘পড়ুয়াদের বৈঠক’। ৪ ডিসেম্বর ‘পূর্ববাংলার আত্মপরিচয়: আবুল মনসুর আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক তৈমুর রেজা।

৫ ডিসেম্বরের আলোচনার বিষয় ‘মুক্তিযুদ্ধের অগ্রবর্তী নেতা: তাজউদ্দীন আহমদ’। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং লেখক ও রাজনৈতিক সংগঠক ফিরোজ আহমেদ।

৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আলোচক হিসেবে থাকবেন সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। 

বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×