প্রাণিসম্পদ মেলা
পাখির কিচিরমিচিরে মুগ্ধ দর্শনার্থী
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২২:০৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ২২:১০
মাঠের এক পাশে দাঁড়াতেই কানে আসে পাখির কিচিরমিচির। কখনো তীক্ষ্ণ শিস, কখনো মিষ্টি ডাক। একটু এগিয়ে গেলেই চোখে পড়ে বিশাল অস্থায়ী প্যাভিলিয়ন। ভেতরে ঢুকতেই যেন খুলে যায় রঙিন প্রাণিজগতের দরজা। সারি সারি স্টলে সাজানো নানা প্রজাতির পাখি। কারও পালকে রংধনুর ছোঁয়া, কারও চোখে মায়াভরা চাহনি। কেউ খাঁচার ভেতর ডানা ঝাপটাচ্ছে, কেউ নিশ্চুপ বসে চারপাশের মানুষের কৌতূহলী চোখ দেখছে।
প্যাভিলিয়নের সামনে দর্শনার্থীদের ভিড়। শিশুরা আঙুল তুলে পাখি দেখাচ্ছে, কেউ মুঠোফোনে ছবি তুলছে, কেউ আবার প্রাণীগুলোর কাছে গিয়ে আদর করার চেষ্টা করছে। বড়দের চোখেও বিস্ময়। পরিচিত পৃথিবীর বাইরে যেন এক নতুন প্রাণিজগতের সঙ্গে পরিচয় হচ্ছে সবার। প্রাণীদের ডাক, মানুষের উচ্ছ্বাস আর কৌতূহলে পুরো প্যাভিলিয়নজুড়ে তৈরি হয়েছে অন্য রকম এক আবহ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে দেখা গেল এমন দৃশ্য। প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে তিন দিনের এ প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।
মাঠের পশ্চিম পাশে তৈরি করা হয়েছে পোষা প্রাণী ও শৌখিন পাখির জন্য বড় প্যাভিলিয়ন। এখানে শুধু প্রাণী দেখা নয়, তাদের সম্পর্কে জানারও সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। কোন পাখি কোথা থেকে এসেছে, কীভাবে পরিচর্যা করতে হয়, কোন প্রাণীর স্বভাব কেমন—এসব জানতে স্টলে স্টলে ভিড় করছেন অনেকে।
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার প্রতিষ্ঠান বার্ড জুমিংয়ের মালিক মো. আল রাব্বী জয় এনেছেন বেশ কয়েকটি দুষ্প্রাপ্য ও রঙিন পোষা পাখি। তাঁর স্টলে রয়েছে ম্যাকাও, কাকাতুয়া, মলুক্কান, অ্যামাজন, রিংনেক, একলেকটাস, ময়ূর, ম্যান্ডারিন হাঁসসহ নানা প্রজাতির বিদেশি পাখি। জয় বলেন, পাখির প্রতি ভালোবাসা থেকেই এ ব্যবসায় আসা। পাখি পালন শুধু ব্যবসা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের শখ ও মমতা। তাঁর স্টলে থাকা পাখিগুলোর মধ্যে কোনো কোনোটির দাম আড়াই লাখ টাকা পর্যন্ত।
একটি স্টলে চারটি ময়ূর। তাদের মধ্যে দুটির লেজে ব্রোঞ্জের আভা, অন্য দুটির পালকে রুপালি রঙের ছাপ। চারটি ময়ূরই দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রে। ব্রাহ্মণবাড়িয়ার শওকত আলী অ্যাগ্রো থেকে ময়ূরগুলো এনেছেন বায়োজিদ খন্দকার। তিনি জানান, চারটির মধ্যে দুটি ব্রোঞ্জ-লেজযুক্ত ময়ূর এবং দুটি সিলভার পাইড ময়ূর। বছরে একবার ডিম দেয় এসব ময়ূর। প্রতিবার ৮ থেকে ৯টি ডিম থেকে সাধারণত ৬ থেকে ৭টি বাচ্চা পাওয়া যায়। দামও কম নয়। ব্রোঞ্জ-লেজযুক্ত দুটি ময়ূরের দাম সাড়ে তিন লাখ টাকা। আর সিলভার পাইড জাতের দুটির দাম সাড়ে পাঁচ লাখ টাকা। দাম শুনে অনেকেই বিস্মিত হচ্ছেন। কেউ আবার ময়ূরের সৌন্দর্য উপভোগ করেই সন্তুষ্ট থাকছেন।
সব পাখি যে আকারে বড় বা দামি, তা নয়। প্যাভিলিয়নের এক স্টলে দেখা মিলল ছোট্ট এক পাখির। আকারে এতটাই ছোট যে মনে হয়, অনায়াসে পকেটে রাখা যাবে। নাম ফরপাস। আদর করে অনেকে বলেন ‘পকেট প্যারট’।
স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে প্রদর্শনী দেখতে এসেছেন রাজধানীর ফার্মগেটের বেসরকারি চাকরিজীবী আব্দুর রহমান। তিনি বলেন, এক জায়গায় এত ধরনের প্রাণী ও পাখি দেখার সুযোগ আগে হয়নি। প্রাণীর বৈচিত্র্য দেখে ভালো লাগছে। খামারিদের সঙ্গে সরাসরি কথা বলেও অনেক কিছু জানা যাচ্ছে। শিশুদের জন্যও এটি আনন্দের পাশাপাশি শেখার একটি সুযোগ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিন বলেন, পৃথিবীর ওপর মানুষের যতটুকু অধিকার আছে, প্রতিটি প্রাণীরও ততটুকু অধিকার রয়েছে। মানুষের বিবেক ও বোধ আছে। অন্য প্রাণীকে সেবা দেওয়া, রক্ষা করা এবং তাদের প্রতি সদয় হওয়ার ক্ষমতাও মানুষের রয়েছে। তাই প্রাণী পোষার পাশাপাশি তাদের সুরক্ষায়ও সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বন উজাড় ও বন্য প্রাণী শিকার বন্ধ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে পরিবেশদূষণ রোধে কাজ করতে হবে। কারণ, জীববৈচিত্র্যের ওপর মানুষের অস্তিত্বও নির্ভরশীল। পাখির প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এবার আলাদা করে বড় প্যাভিলিয়ন করা হয়েছে।
- বিষয় :
- প্রাণিসম্পদ সপ্তাহ
- পাখি