ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্মরণসভায় বক্তারা

আপসহীন ও স্পষ্টবাদী সাংবাদিক ছিলেন তৌফিক ইমরোজ খালিদী

আপসহীন ও স্পষ্টবাদী সাংবাদিক ছিলেন তৌফিক ইমরোজ খালিদী
×
×

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার আয়োজিত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভায়’ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:২৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ২১:৪৭

বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন ধারার সূচনা করেছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। পেশাগত সততা, স্পষ্টবাদিতা ও নিজস্ব সাংবাদিকতার দর্শনে তিনি ছিলেন আপসহীন। ব্যক্তিগত সম্পর্ক কিংবা পরিস্থিতির কারণে পেশাগত অবস্থান থেকে সরে আসার মানুষ ছিলেন না তিনি। যেখানে আপস করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব ছিল, সেখানেও নিজের অবস্থানে অটল থাকতেন।

বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার আয়োজিত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভায়’ বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্পষ্টবাদী, সৎ, মেধাবী ও সাহসী একজন সাংবাদিক আমাদের মধ্য থেকে চলে গেছেন। বন্ধু হিসেবে তৌফিকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার চলে যাওয়া ব্যক্তিগতভাবে ব্যথিত করেছে। সাংবাদিকতা জগতেও তার মতো একজন মানুষের অনুপস্থিতিতে শূন্যতা তৈরি হবে।

অর্থমন্ত্রী বলেন, তৌফিকের সাংবাদিকতা ছিল অন্যদের চেয়ে আলাদা। তার স্বতন্ত্র ব্যক্তিত্বের প্রতিফলন ঘটত সাংবাদিকতায়ও। সাংবাদিকতা, সামাজিকতা ও বন্ধুত্ব একসঙ্গে চলতে পারে না। সাংবাদিকতা একটি পেশা। এই পেশার প্রতি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতা থাকতে হয়। তৌফিকের মধ্যে এসব গুণের যথেষ্ট উপস্থিতি ছিল। তাকে অবশ্যই মিস করবেন।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৮৩ সালে তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তার পরিচয়। তখন থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক। তিনি ঢাকা সায়েন্স কলেজে পড়তেন, আর তৌফিক ছিলেন রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থী। বয়সে এক বছরের বড় তৌফিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। সে সময় প্রায়ই রেসিডেনশিয়াল মডেল কলেজে বন্ধুদের আড্ডায় যেতেন তিনি।

তৌফিকের স্মৃতিচারণ করে এ্যানি বলেন, তার দেখা তৌফিক ছিলেন অত্যন্ত বিনয়ী ও স্পষ্টভাষী। মাঝেমধ্যে তাকে রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করতেন। তবে তৌফিক কখনো সরাসরি সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে চাননি। কিন্তু বিভিন্ন বিষয়ে তার পরামর্শ সব সময় পাওয়া যেত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন স্পষ্টবাদী এবং সত্যের পক্ষে সোচ্চার। তিনি সত্য কথা বলতেন। তবে এখন প্রশ্ন উঠতে পারে, এমন কোনো সময় কি বাংলাদেশে এসেছিল, যখন তার সত্য প্রকাশের পথে বাধা তৈরি হয়েছিল?

তিনি বলেন, দেশের বাইরে থাকাকালে তিন-চার দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বন্ধ রাখা হয়েছিল। এ সময় পাঠকরা সংবাদমাধ্যমটির খবর পড়তে পারেননি। এমনকি ওয়েবসাইটটি পুনরায় চালু হওয়ার পরও কেন বন্ধ রাখা হয়েছিল, সেই কারণ পাঠকদের জানাতে পারেননি তৌফিক ইমরোজ খালিদী।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, সম্পাদক সোহরাব হাসান, বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম শামীম রেজা, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং সাংবাদিক খায়রুল আনোয়ার মুকুল।

আরও পড়ুন

×