ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ছয় মৃত্যু, পাঁচজনই ঢাকার

হামের উপসর্গে আরও ছয় মৃত্যু, পাঁচজনই ঢাকার
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। একই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৪। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৭৩।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও এক হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ে দেশে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৩৩ হাজার ৪০৪ জন।

ঢাকায় উপসর্গ নিয়ে মৃত্যু বেশি
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৯৩ জন। এরপর সিলেট বিভাগে ১৪৯, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৪, খুলনায় ৩৪ এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৬, চট্টগ্রামে ২৮৫, সিলেটে ১৩৮, বরিশালে ১০৩, খুলনায় ৮১, ময়মনসিংহে ৬৫, রাজশাহীতে ৩৬ এবং রংপুর বিভাগে ২৪ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ সংক্রান্ত নিয়মিত তথ্য প্রকাশ করে আসছে।

টিকার বিকল্প নেই
রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু হচ্ছে, সেগুলোকে হামের কারণে মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহনুর শারমিন বলেন, হামের মতো অতিসংক্রামক রোগের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আলাদা রাখা গুরুত্বপূর্ণ। ত্বকে ফুসকুড়ি ওঠার আগেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে।

আরও পড়ুন

×