চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিকের ২ বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৯
চীনের হয়ে যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার দায়ে মার্কিন সাংবাদিক থমাস পাউকেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় ফেডারেল আদালত এ সাজা দেন।
৫০ বছর বয়সী পাউকেনকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে এফবিআই। জুনে তিনি চীনের হয়ে অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ স্বীকার করেন।
পাউকেন দীর্ঘদিন বেইজিংয়ে বসবাস করেছেন এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। আদালতে সরকারি কৌঁসুলি বলেন, সাত বছর ধরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে প্রতিবেদন তৈরির জন্য চীনা সরকারের কাছ থেকে তিনি প্রায় ১ লাখ ডলার পেয়েছেন।
চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করার সময় পাউকেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। তাদের মধ্যে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাও ছিলেন। ওই কর্মকর্তাকে চীনে থাকা এক নারী-যাকে পাউকেন চীনা গোয়েন্দা বলে বিশ্বাস করতেন-এর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
তবে পাউকেন নিজে কোনো শ্রেণিবদ্ধ তথ্য চীনের হাতে তুলে দেননি বলে আদালতে উভয় পক্ষই জানিয়েছে।
আদালতে নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করে পাউকেন বলেন, তিনি ‘অনেক গোপন তথ্য’ জেনেছিলেন এবং চীনকে সেগুলো জানিয়েছিলেন। তবে তার আইনজীবী ও সরকারি কৌঁসুলি উভয় পক্ষই বলেছেন, পাউকেন নিজে কোনো শ্রেণিবদ্ধ তথ্য (ক্লাসিফায়েড ইনফরমেশন) চীনের হাতে তুলে দেননি।
পাউকেন বিচারক লিওনি ব্রিংকেমাকে বলেন, তার কাজ ছিল ‘ভুল’, ‘ভয়ংকর’ ও ‘জঘন্য’। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উন্নত করার আন্তরিক ইচ্ছা থেকেই তিনি এসব করেছিলেন। পাউকেন বলেন, ‘আমি ভেবেছিলাম আমি সাহায্য করছি। এখন বুঝতে পারছি, আমি আরও বড় ক্ষতি করতে পারতাম, এমনকি যুদ্ধও বাধতে পারত।’
বিচারক লিওনি ব্রিংকেমা বলেন, পাউকেনের অপরাধ গুরুতর। তিনি জানতেন তার চীনা নিয়ন্ত্রক সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে চাইছিলেন। এরপরও তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেন।
মামলায় ওই কর্মকর্তাকে ‘পারসন ১’ নামে উল্লেখ করা হয়েছে। তার পরিচয় প্রকাশ করা হয়নি। বিচারকও বলেন, ‘পারসন ১’ কে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
পাউকেনের পরিবারও মার্কিন রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা থমাস পাউকেন সিনিয়র ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা কর্মকর্তা ছিলেন এবং পরে রোনাল্ড রিগ্যান প্রশাসনে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার ছেলের সাজা ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। সূত্র- পলিটিকো
- বিষয় :
- চীন
- যুক্তরাষ্ট্র
- সাংবাদিক
- গুপ্তচরবৃত্তি
- কারাদণ্ড