ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এ বছর এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে এ বছর এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০০:০৮ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৪

দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা চলতি বছরে এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের রেকর্ড। এর আগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল পাঁচজনের। আর সবচেয়ে বেশি ১ হাজার ৫৫৮ জন আক্রান্ত হয়েছিল গত রোববার। এ নিয়ে চলতি মাসের আট দিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬২৯-এ।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা বিভাগে (দুই সিটির বাইরে) ৪০৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬, দক্ষিণ সিটিতে ১৩৪, খুলনায় ২৪২, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১, রাজশাহীতে ১১৬ ও সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানায়, সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর ৪৪.৬ শতাংশ পুরুষ ও ৫৫ দশমিক ৪ শতাংশ নারী। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানীর মধ্যে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সবচেয়ে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২ হাজার ৩৭৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১১৫ জন। এর পরেই ঢামেকে ১ হাজার ৬১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছরই ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়। আর গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের এবং ডেঙ্গু শনাক্ত হয় এক লাখ দুই হাজার ৮৬১ জনের।

আরও পড়ুন

×