ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট তৈরির আহ্বান

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আলোচনা

মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট তৈরির আহ্বান
×

জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৫ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৪

| প্রিন্ট সংস্করণ

দেশের মানুষকে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের সার্বিক চিকিৎসাব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে তা দক্ষতার সঙ্গে রপ্ত করতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (প্যাব) উদ্যোগে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসককেন্দ্রিক নয়। নার্স, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, রোগীর পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা রয়েছে। চিকিৎসাসেবায় প্রত্যেকে একে অপরের সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করেন। সবদিক থেকে সমন্বিত ও আন্তরিক প্রয়াস নিশ্চিত করা না গেলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান কখনোই সম্ভব হবে না।
অনুষ্ঠানে বক্তারা বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির তথ্য তুলে ধরে জানান, বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ কার্ডিওভাসকুলার ডিজিজ। প্রতিবছর এ রোগে বিশ্বব্যাপী প্রায় দুই কোটি পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে। এসব মৃত্যুর প্রায় ৮৫ শতাংশ ঘটে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে এবং মোট মৃত্যুর প্রায় ৭৫ ভাগ সংঘটিত হয় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। সঠিক চিকিৎসা গ্রহণ করলে প্রায় সব ধরনের স্ট্রোক প্রতিরোধযোগ্য। সভায় ফিজিওথেরাপিস্টদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের প্রতিটি হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ চালু এবং দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির পরিবার পরিকল্পনাবিষয়ক সহসম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল কবির লাবু, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খান, সোসাইটি অব নিউরোলজিস্ট বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ড. নাজমুল হুদা বিপ্লব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্যাবের সভাপতি কামরুজ্জামান কল্লোল। 

আরও পড়ুন

×