ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল
×
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা এই বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪০০ জন মারা গেছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৮৯৯ জন, বরিশাল বিভাগে ২১৭, চট্টগ্রামে ২৪১, খুলনায় ২৫০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ২২৯, রংপুরে ১১২ ও সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় হাজার ৪১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ২৩৭-এ। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২১ হাজার ৪২২ জন। আর চলতি বছরে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছরে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এর পরই খুলনা বিভাগে ৭৬, চট্টগ্রামে ৩৯, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৭, রংপুরে ৭ ও সিলেট বিভাগে তিনজন মারা গেছেন। 

এদিকে গতকাল হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে মারা গেছে। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩২ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬৩ শিশুর শরীরে। সব মিলিয়ে হামের নতুন রোগী এক হাজার ২৯৫ জন। এ নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে এক হাজার ২৪০ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি এক হাজার ১৩৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৩২৫ শিশু। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ২৩ হাজার ৭৮৪ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৩ হাজার ৫৪১ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৯ হাজার ১২৭ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯১ হাজার ৯০ শিশু। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে, ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে। নিশ্চিত হামে যে একজনের মৃত্যু হয়েছে, সে ঢাকার বাসিন্দা। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হামের রোগী পাওয়া গেছে ৬৩ জন।
 

আরও পড়ুন

×