কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন
যশোরে পাশাপাশি কবরে শায়িত হলেন মা-বাবা ও দুই সন্তান
কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মৃত্যুর ১১ দিন পর যশোরের মনিরামপুরের মোহনপুর গ্রামে গতকাল বুধবার একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি কবরে দাফন করা হয় সমকাল
যশোর অফিস ও মনিরামপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০৯:০৯
| প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুর ১১ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছেছে যশোরের মনিরামপুরের একই পরিবারের চার সদস্যের মরদেহ। গতকাল বুধবার ভোরে মরদেহগুলো পৌঁছানোর পর মোহনপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। চলে শোকের মাতম আর দাফনের প্রস্তুতি। দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাদের দাফন করা হয়।
স্বজনদের দাবি, অনুমতিহীন ও ঝুঁকিপূর্ণ রিসোর্টগুলোর কারণে তাজা প্রাণগুলো ঝরে গেল। অবিলম্বে অবৈধ রিসোর্ট বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
পরিবার জানিয়েছে, দুর্গাপূজার ছুটিতে গত ১৫ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে যান মনিরামপুরের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন (৪০), তাঁর স্ত্রী আফসানা তানজি (৩৫), মেয়ে রুজায়না ইয়ানা (৭) ও সুনায়না ইয়ানা (৭)। পরদিন তারা ওই রিসোর্টে ওঠেন এবং ১৮ অক্টোবর দুপুরে তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল। কিন্তু এর আগেই ১৭ অক্টোবর ভোরে রিসোর্টটিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে মারা যান এই পরিবারের চারজনসহ ১০ জন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ টেস্টের কারণে মরদেহ শনাক্তকরণে সময় লেগে যায়। গত সোমবার কক্সবাজার পুলিশ ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরদিন দুপুরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল ভোরে মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। গ্রামজুড়ে এখন শোকের পরিবেশ।
নাহিদরা দুই ভাই। চাকরির সুবাদে তারা বাড়ির বাইরে থাকতেন। মোহনপুরের বাড়িতে তাদের বৃদ্ধ বাবা মতিয়ার রহমান একাই থাকেন। বুধবার দুপুরে মোহনপুরের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে স্বজন ও এলাকাবাসীর ভিড়। ভিড় সামলিয়ে বাড়ির বারান্দায় একপাশে একটি চেয়ারে বসে আছেন মতিয়ার রহমান। তাঁকে ঘিরে সান্ত্বনা দিচ্ছেন স্বজনরা। ছেলে, পুত্রবধূ আর দুই নাতির এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তিনি।
গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাহিদের মায়ের কবরের পাশেই তাদের দাফন করা হয়। নাহিদ ঢাকার শ্যামলীতে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি শেওড়াপাড়ায় বসবাস করতেন।
নারায়ণগঞ্জে ৩ জনকে দাফন
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, টুপটুপ রিসোর্টে আগুনে নিহত নারায়ণগঞ্জের ফতুল্লার একই পরিবারের তিন সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
নিহতরা হলেন নাফিজ তেহামি, তাঁর বড় বোন ফারিয়া কবির ও সাত বছরের ভাগনে ফাইজান নূর। নাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ‘চায়নিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে ফাইজান চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে কেজি টুতে পড়ত। একই পরিবারের তিনজনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
- বিষয় :
- আগুন