জীবনের কঠিন অভিজ্ঞতা প্যারিসকে শিখিয়েছে বিশ্বাসের মূল্য
প্যারিস জ্যাকসন
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৩:৫৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ১৪:২১
মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন। শৈশব থেকেই তাঁর জীবন নানা চড়াই-উতরাইয়ে ভরা। বাবার মৃত্যু, মানসিক সংকট, আসক্তি, এমনকি আত্মহত্যার প্রবণতা। সবই তাঁকে সহ্য করতে হয়েছে। কিন্তু এই কঠিন অভিজ্ঞতাগুলোই তাঁকে শিখিয়েছে, জীবনে বিশ্বাসের মূল্য কতটা গভীর।
সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেট্টি’ পডকাস্টে তিনি জানিয়েছেন, তাঁর পাওয়া সবচেয়ে খারাপ পরামর্শটি ছিল ‘কাউকে বিশ্বাস করো না।’ প্যারিস বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এসেছে অন্যকে বিশ্বাস করার সাহস থেকে। বিশ্বাস তৈরি করে নিরাপত্তা ও ঘনিষ্ঠতা, আর তা-ই নিরাময়ের পথ খুলে দেয়।’
তাঁর মতে, জীবনে খারাপ অভিজ্ঞতা আসবেই, কাউকে বিশ্বাস করে ঠকতেও হতে পারে। কিন্তু পুরোনো আঘাতের কারণে সবাইকে অবিশ্বাস করলে জীবনের বড় সুযোগগুলোও হাতছাড়া হয়ে যায়। নতুন সম্পর্ক, নতুন মানুষ। এসবের জন্য নিজেকে উন্মুক্ত রাখাই আসল শক্তি। আমার জীবনে বিশ্বাস থেকেই জীবনের সুন্দর অভিজ্ঞতাগুলো এসেছে।’

প্যারিস মনে করেন, বিশ্বাস মানেই দুর্বলতা দেখানোর সাহস। তাতে আঘাত পাওয়ার ঝুঁকি থাকলেও তৈরি হয় গভীর সম্পর্ক ও সত্যিকারের আনন্দ। আর অবিশ্বাস হয় তো কিছু কষ্ট থেকে বাঁচায়, কিন্তু ভালোবাসা ও ঘনিষ্ঠতার দরজাও বন্ধ করে দেয়।
১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে জন্ম প্যারিসের। বাবা মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর ভাই প্রিন্স ও মাইকেল জোসেফের সঙ্গে তাঁর জীবন বদলে যায়। অভিনয়, মডেলিং ও সংগীত। সব জায়গায় নিজের স্বাক্ষর রেখেছেন প্যারিস।
২০১৮ সালে ‘গ্রিংগো’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি; পরে ‘দ্য স্পেস বিটুইন’, ‘হ্যাবিট’ ও ‘স্ক্রিম’-এ কাজ করেন।

গ্যাব্রিয়েল গ্লেনের সঙ্গে গড়েন ‘দ্য সাউন্ডফ্লাওয়ার্স’ ব্যান্ড। ২০২০ সালে প্রকাশিত তাঁর প্রথম একক গান ‘লেট ডাউন’ ও অ্যালবাম ‘উইল্টেড’ দুটিই প্রশংসিত হয়।
শুধু পেশা নয়, মানসিক স্বাস্থ্য নিয়েও খোলামেলা প্যারিস। ১৫ বছর বয়সে থেরাপি ও চিকিৎসাকেন্দ্রে যেতে হয়েছে তাঁকে। কিন্তু এত বাধার পরও মানুষের প্রতি আস্থা রাখার পথ বেছে নিয়েছেন তিনি। সূত্র: পিপল
- বিষয় :
- মাইকেল জ্যাকসন
- প্যারিস জ্যাকসন