নেপালে তুষারধসে নিখোঁজ ৭
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৭:৩১
নেপালের অন্নপূর্ণা অঞ্চলে ব্যাপক তুষারধসে অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চারজন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং তিনজন নেপালি।
শনিবার এ কথা জানান দেশটির পর্যটন বিভাগ-সংশ্নিষ্ট কর্মকর্তারা। খবর এএফপির
স্থানীয় পুলিশের প্রধান ধন বাহাদুর খাড়কি জানান, শুক্রবার অন্নপূর্ণা সেনা ঘাঁটিতে ভয়াবহ তুষারধস ঘটে। বৈরী আবহাওয়া উদ্ধারকাজকে বিঘ্নিত করছে। তিনি বলেন, 'উদ্ধারকারীরা কাজ অব্যাহত রেখেছেন। বৈরী আবহাওয়ার অবসান ঘটলে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চালাব।'
দক্ষিণ কোরিয়ার শিক্ষা কর্মকর্তারা জানান, নিখোঁজ চারজন দেশটিতে শিশুদের জন্য পরিচালিত একটি স্বেচ্ছাসেবক শিক্ষক দলের প্রধান ছিলেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিখোঁজদের পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে এবং অতি সত্বর তারা নেপালে উদ্ধারকাজে নিয়োজিত একটি জরুরি দল পাঠাবে।
উল্লেখ্য, অন্নপূর্ণা অঞ্চলে সহস্রাধিক পর্যটক ভ্রমণ করে থাকেন এবং তাদের মূল আকর্ষণ থাকে হিমালয় চূড়ার প্রতি। কিন্তু এ অঞ্চলটি তুষারধসপ্রবণ একটি অঞ্চল হওয়ায় সেখানে ভ্রমণ করা বিপজ্জনক বলে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো। ২০১৪ সালে এক তুষারধসে ৪০ জনের প্রাণহানি ঘটে।
- বিষয় :
- নেপাল
- অন্নপূর্ণা
- তুষারধস
- তুষারধসে নিখোঁজ
