ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত 

খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত 
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৪:১৪

রাজধানীর ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুলের রহমানিয়া হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে শাহজাহান মিয়া নামে এক পথচারীও আহত হয়েছেন।

শাওনের বন্ধু আলিফ জানান, শাওন হাতিরঝিলের মীরেরটেক এলাকায় থাকতেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী ছিলেন। রাতে দুজনে মোটরসাইকেলে পুরান ঢাকার ওয়ারীতে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাওন নিজেই। ফকিরাপুল এলাকায় হঠাৎ এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে শাওন ও ওই পথচারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাওনের বাড়ি গাজীপুরের টঙ্গীর নিশাতনগর এলাকায়। তার বাবার নাম লুৎফর রহমান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মতিঝিল থানাকে জানানো হয়েছে। আহত পথচারী শাহজাহান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন

×