আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:১৮
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন। সংকট নিরসনে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়ে তারা কোনো তাৎক্ষণিক আশ্বাস পাননি।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপরত ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে যায়। প্রতিনিধি দলে মূলত ভারত ও মালদ্বীপের শিক্ষার্থীরা ছিলেন। প্রথমে তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে গেলেও তাঁকে কার্যালয়ে পাননি। পরে মহাপরিচালক বরাবর লিখিত আবেদন জমা দিয়ে সহকারী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সংকট ও দাবিগুলো তুলে ধরেন।
শেষে প্রতিনিধি দলটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যায়। সেখানেও মহাপরিচালক অনুপস্থিত থাকায় তারা পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষা ও আলোচনার পরও সংকট সমাধানে কোনো তাৎক্ষণিক সুসংবাদ মেলেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৩০ জনের বেশি বিদেশি শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন। প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ৩৫০-এর বেশি।
বিদেশি শিক্ষার্থীরা বলছেন, তাদের নিজ দেশের নিয়ম অনুযায়ী যে মেডিকেল কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করা হয়, সেই প্রতিষ্ঠানের অনুমোদিত হাসপাতালেই ইন্টার্নশিপ শেষ করা বাধ্যতামূলক। অন্য কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ স্থানান্তরের সুযোগ নেই। ফলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তারা ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন।
বিদেশি ইন্টার্ন চিকিৎসক ইলিয়াস মানসুর সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে এক প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে অন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার অনুমতি নেই। তাই আমাদের এই বিশেষ পরিস্থিতি মানবিকভাবে বিবেচনা করার জন্য স্বাস্থ্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) রুবীনা ইয়াসমীন বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদের দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়নি। আমাদের কাছে কোনো আবেদনও করেনি। তারা যে কোনো বিষয় জানালে তা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে।
- বিষয় :
- হাসপাতাল
