কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মসূচি জামায়াত জোটের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৩:৪১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আগামীকাল মঙ্গলবার রাজপথে থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। বিকেলে জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে রাজধানীর বিজয়নগর এলাকায় সমাবেশ করবে তারা।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার সুনির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা, আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে এ সমাবেশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তবে জোট সূত্র সমকালকে জানায়, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘ঠেকাতেই’ মঙ্গলবার রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল। মঙ্গলবার আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও মিছিল-শোডাউন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তা ঠেকাতেই মূলত এই কর্মসূচি দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, শেখ হাসিনার শাসনামলে বিএনপি-জামায়াতের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিত আওয়ামী লীগ। মঙ্গলবার সরকারি দলের আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও, নেতাকর্মীরা রাজপথে থাকতে পারে। এ অবস্থায় বিরোধী জোট জামায়াত-এনসিপির কর্মসূচি ঘিরে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ জুলাই দেশের প্রতিটি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। হামিদুর রহমান আযাদ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই বিচার শেষ করে দোষীদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। বর্তমান সরকারের উচিত জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা।'
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই সমাবেশে পাল্টা কর্মসূচি কিনা-এ প্রশ্নে তিনি বলেন, এটি পূর্বনির্ধারিত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। তারা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং বিচার দাবিতে আন্দোলন করছেন। তবে কেউ নিষিদ্ধ কর্মকাণ্ড চালালে তার দায় সরকারের। হামিদুর রহমান আযাদ আরও জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি দেবে ১১ দল। এ বিষয়ে ২৫ জুন বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, দেশের সাধারণ ব্যবসায়ীরা কোণঠাসা। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য কমছে না। তারা দুর্নীতি ও সিন্ডিকেটের অবসান চান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- জামায়াতে ইসলামী
- সমাবেশ
