ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ঢাবির এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুসতবা ইশতিয়াক, সম্পাদক লোকমান হোসাইন

ঢাবির এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুসতবা ইশতিয়াক, সম্পাদক লোকমান হোসাইন
×

মুসতবা ইশতিয়াক আহমেদ ও লোকমান হোসাইন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৮:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লোকমান হোসাইন।

রাজধানীর রেইনি রুফ রেস্টুরেন্টে গতকাল শনিবার সংগঠনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র অনুযায়ী সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহিদ। তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কর কমিশনার হাফিজ আল আসাদ, কে এম এনায়েতুল করিম হেলাল এবং অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কমিশনার (কাস্টমস) মাহফুজ আহমেদ, সারওয়ার হোসেন ও আমিন উদ্দিন আহমেদ (নাঈম)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান, সাইদুল হোসাইন, এ কে এম সুলতান মাহমুদ, মো. মাহমুদ হোসেন, আনোয়ার হোসেন, আহমদ হাসান, মো. আবিদ হাসান, রহিম খাতুন, পিযুষ রঞ্জন ভৌমিক, মো. সাইফুর রহমান, অজয় বিশ্বাস, সাইফুর রহমান জুয়েল এবং ওয়ালিদুর রহমান।

সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত নেটওয়ার্কিং এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি নিয়মিতভাবে আয়কর, ভ্যাট, ব্যাংকিং, আইন ও ব্যবসাবিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, মতবিনিময় সভা, বার্ষিক পিকনিক, ইফতার মাহফিল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

নবনির্বাচিত সভাপতি মুসতবা ইশতিয়াক আহমেদ বলেন, এই সংগঠন সদস্যদের মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদারের একটি কার্যকর প্ল্যাটফর্ম। নতুন কমিটি সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর ও গতিশীল সংগঠন গড়ে তুলতে কাজ করবে।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসাইন বলেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করা, পেশাগত উন্নয়ন এবং কল্যাণমুখী কার্যক্রম সম্প্রসারণে নতুন কমিটি কাজ করবে। তিনি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

×