ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

মেসিই বিশ্বসেরা: এমবাপ্পে

মেসিই বিশ্বসেরা: এমবাপ্পে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৯:৫৫

বিশ্বকাপের মঞ্চে মেসি-এমবাপ্পের দ্বৈরথটা নতুন নয়। এবারের বিশ্বকাপেও গোল্ডেন বুটের লড়াইয়ে দু'জন অন্যতম প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক অকপটেই স্বীকার করে নিয়েছেন, মেসিই বিশ্বের সেরা ফুটবলার।

ইরাকের বিপক্ষে নিজের শততম ম্যাচে মাঠে নামার আগে এমবাপ্পে বলেন, ‘মেসিই বিশ্বের সেরা। ঠিক যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো।’

আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। বিশ্বমঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণের দিনে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। মেসির অনবদ্য পারফরম্যান্সে আর্জেন্টিনাও পেয়েছে ৩-০ গোল জয়। তবে আর্জেন্টাইন অধিনায়কের এমন পারফরম্যান্সে মোটেও অবাক হননি এমবাপ্পে।

ফরাসি অধিনায়ক বলেন, আমি আগেই জানতাম, ‘মেসি গোল করতেই থাকবে। সে সবসময়ই তা করে। সে আমার সামনে আছে, আমি তার পেছনে। জাতীয় দলকে যতদূর সম্ভব এগিয়ে নিতে আমিও গোল করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়ে আসছে। আমি শুধু আমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে চাই এবং দলকে সাহায্য করতে চাই।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পেও পিছিয়ে নেই। তার নামের পাশে রয়েছে ১৪টি গোল। নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে তালিকার তিন নম্বরে উঠে আসেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ফরাসি তারকা। তিনি বলেন, ‘গোল করলে অনেকদূর যাওয়া যায়, অনেক রেকর্ড ভাঙা যায়। তবে আমার মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমি বিশ্বকাপ জিততে চাই।’

এদিকে ফ্রান্সের জার্সিতে নিজের শততম ম্যাচ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘১০০টি ম্যাচ খেলা একটি ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটা বিশ্বকাপে হলে তো কথাই নেই। জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। ম্যাচটি আমার জন্য বিশেষ হবে। তবে নকআউট নিশ্চিত করার জন্য আমাদের জিততেও হবে।’

আরও পড়ুন

×