অভিযানে ‘বি কোম্পানি’র পাঁচ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ৫ জন
খুলনা ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৯:৩৬
চাঁদা না পেয়ে খুলনার শেখপাড়া ইসমাঈল মার্কেট বন্ধে জড়িত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র নেতা তুষার শিকদারসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ও সোমবার ভোরে নগর গোয়েন্দা পুলিশের অভিযানে তারা গ্রেপ্তার হন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–শেখপাড়া প্রধান সড়কের তুষার শিকদার (৩৮), শেখপাড়া লোহাপট্টির আল-আমিন (২৯), গোবরচাকার আবরার ফয়সাল (২৪), নবীনগর এলাকা মো. আসিফ (২৫) ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)। এরা সবাই সন্ত্রাসী গ্রেনেড বাবুর তৈরি ‘বি কোম্পানি’তে জড়িত। তুষার দলটির গুরুত্বপূর্ণ নেতা।
খুলনায় একের পর হত্যাকাণ্ড, গোলাগুলির ঘটনায় গত ১ জুন থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এর মধ্যেই গত ১০ জুন বুধবার চাঁদা না দেওয়ায় নগরীর শেখপাড়ার ইসমাইল আয়রন মার্কেটের দোকানপাট বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। টানা তিন দিন মার্কেটের ৭০টি দোকান বন্ধ ছিল। পরে গোয়েন্দা পুলিশের আশ্বাসে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা।
খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকের মামলা বিচারাধীন। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পুরাতন মামলা তাদের গ্রেপ্তার দেখানোর পাশাপাশি অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মামলা প্রক্রিয়াধীন।
