ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
×

প্রতীকী ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৯:২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুইটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানায় ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া দুটি কম্প্রেসার ও দুটি বৈদ্যুতিক মোটর উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন– চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ শহীদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় ২০-২৫ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ এবং এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে ঢুকে পড়ে। পরে তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা মালেক, মোবাশ্বির ও হৃদয়কে জিম্মি করে ফেলে। ডাকাতরা কারখানার বিভিন্ন কক্ষ তল্লাশির নামে কর্মচারীদের আতঙ্কিত করে এবং পরে প্রিন্টিং মেশিনের যন্ত্রাংশ, কম্প্রেসার, মোটর, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়। প্রাথমিক হিসাব অনুযায়ী লুট হওয়া মালপত্রের মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।

ঘটনার পর কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করেন। এরপর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, তদন্তে ডাকাত দলের সদস্যদের অবস্থান শনাক্ত হওয়ার পর রূপগঞ্জ থানার একটি বিশেষ টিম চট্টগ্রামে অভিযান চালায়। অভিযানে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত দুজনকে করা হয়।

কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বলেন, ‘ঘটনার পর আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়ি। উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়। পুলিশ অল্প সময়ের মধ্যে মালপত্রের একটি অংশ উদ্ধার ও জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি মালপত্র উদ্ধার এবং জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাই।’

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×