ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেসির ইতিহাস

মেসির ইতিহাস
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৯:২৬

ইতিহাস গড়লেন লিওনেল মেসি। মিরোস্লাভ ক্লোসাকে হটিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক এখন আর্জেন্টাইন জাদুকর। গতকাল সোমবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ এক গোল করে টপকে যান সাবেক জার্মান স্ট্রাইকারকে। ম্যাচের অন্তিম সময়ে আরও এক গোল করেন তিনি। বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন ১৮। ১৬ গোল নিয়ে ক্লোসা দুই নম্বরে ও ১৫ গোল করে ব্রাজিলের রোনালদো নাজারিও আছেন তৃতীয় স্থানে।

আলজেরিয়ার বিপক্ষে এবারের আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। গতকাল খেলার শুরুতেই রেকর্ড গড়ার সুযোগ এসেছিল তাঁর সামনে। বক্সের ভেতর লাউতারো মার্টিনেজকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিতে ব্যর্থ হন মেসি। তাঁর গড়ানো শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এরপর আরও একবার গোল করার মতো সুযোগ পেয়েছিলেন তিনি। এবার মেসির গোলমুখী শট বাঁচিয়ে দেন ডেভিড আলাবা। তাই বলে মেসিকে খুব বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ৩৮ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাঁ দিক থেকে ডি-বক্সের মুখে পাস বাড়ান মেদিনা। মাঝপথে দারুণভাবে ডামি করে বল ছেড়ে দেন এনজো ফার্নান্দেজ, চোখের পলকে ছুটে গিয়ে চলতি বলে জোরালো শটে অস্ট্রিয়ার গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন মেসি। এর মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান গত বিশ্বকাপজয়ী অধিনায়ক। 

এই গোলে ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি আরও একটি কীর্তি গড়েন তিনি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করলেন। চার বছর আগে কাতারে শিরোপা জেতা আসরে শুরু হয় তাঁর এ যাত্রা। আগে এই কীর্তি গড়া দুজন হলেন ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাস্ট ফন্তেইন ও ব্রাজিলিয়ান কিংবদন্তি জর্জিনিও। আর জাতীয় দলের হয়ে ২১০ ম্যাচে মেসির গোল সংখ্যা হলো ১২২। তাঁর ওপরে আছেন শুধু পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪৩ গোল)। 

২০০৬ বিশ্বকাপে প্রথম খেলতে নামেন মেসি। সেবার বদলি হিসেবে নেমে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে সার্বিয়া মন্টেনিগ্রোর বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে এটাই সবচেয়ে কম বয়সে গোল। ২০১০ বিশ্বকাপ খুবই খারাপ ছিল মেসির জন্য। প্রবল প্রত্যাশা নিয়ে এসে একটি গোলও করতে পারেননি তিনি। ২০১৪ বিশ্বকাপে মেসি ৪ গোল করে প্রায় শিরোপার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন দলকে। কিন্তু ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হেরে যান তারা। ২০১৮ বিশ্বকাপে মাত্র ১টি গোল করেন তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণ হয় মেসির। ৭ গোল করে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন।

গতকাল একটি অপ্রত্যাশিত রেকর্ডও গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটিও এখন তাঁর। এখন পর্যন্ত ৩টি পেনাল্টি মিস করেছেন ৩৮ বছর বয়সী এ তারকা। এর আগে ২টি করে পেনাল্টি মিস করে মেসির সঙ্গে বিব্রতকর এ তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন ঘানার আসামোয়া জিয়ান। মেসির ক্যারিয়ারে এটি ৩৩তম পেনাল্টি মিস। টাইব্রেকার বাদে মেসি এখন পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন। 

আরও পড়ুন

×