চমকের নাম কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১০:০৩
অভিষেক বিশ্বকাপেই অসাধারণ পারফরম্যান্সে ফুটবল অনুরাগীদের মন জয় করেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে আফ্রিকান দ্বীপ দেশটির গোলরক্ষক ভোজিনিয়া পেয়েছেন তারকাখ্যাতি। ম্যাচটিতে অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়া এই গোলরক্ষক রোববার রাতে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও বীরত্ব দেখিয়েছেন। যে ম্যাচটি ২-২ গোলে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে কেপ ভার্দে। এই ম্যাচে মাঠে উপস্থিত থেকে ভোজিনিয়াকে অনুপ্রেরণা জোগান মা অ্যানা ক্যান্ডিডা ইভোরাসহ পরিবারের সদস্যরা।
মায়ামিতে ম্যাচের ৬৮ মিনিটে গ্যালারিতে উপস্থিত কেপ ভার্দে সমর্থকদের মাঝে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এসেছিল। ডান প্রান্ত থেকে বাড়িয়ে দেওয়া লো ক্রসে বল কেপ ভার্দের রক্ষণভাগ খেলোয়াড়ের গায়ে লেগে পায়ে আসে ম্যাক্সি আরাউজোর। তাঁর শট গোলরক্ষক ভোজিনিয়া ঝাঁপিয়ে পড়েও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। উরুগুয়ের খেলোয়াড়রা গোল উদযাপনের প্রস্তুতি নিতে প্রতিপক্ষের গোলপোস্টে ছুটে আসেন। ম্যাচের ৪৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরানো ম্যাক্সি আরাউজো নিজের দ্বিতীয় গোল উদযাপনে দৌড় শুরু করেন। কিন্তু নরওয়ের রেফারি এস্পেন এসকাস অফসাইডের পতাকা উঁচিয়ে ধরলে হাঁপ ছেড়ে বাঁচেন কেপ ভার্দের সমর্থকরা। কারণ এ ঘটনার মাত্র ৭ মিনিট আগে হেলিও ভারেলার গোলে খেলায় সমতায় ফিরেছিল দ্বীপদেশটি (২-২)। ম্যাচের বাকিটা সময় সমর্থকরা ভোজিনিয়ার নামে স্লোগান দিতে থাকেন।
উরুগুয়ের বিপক্ষে কঠিন ম্যাচের ধকল পেরিয়ে আসা ভোজিনিয়া ম্যাচ শেষে শান্ত কণ্ঠে বলেন, ‘এটা আমাদের কাছে এবং কেপ ভার্দের বাসিন্দাদের জন্য স্বপ্ন সত্যি হওয়ার বিষয়। টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি সম্মান আদায় করাটা আনন্দের। আজকের ম্যাচে নিজেদের একটি শক্ত দল মনে হয়েছে, যে দলের মধ্যে হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা রয়েছে।’
বিশ্বকাপে অংশ নিতে এসে তারকাখ্যাতি পাওয়া সম্পর্কে প্রশ্নের জবাবে ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার হাসিমুখে বলেন, ‘আমি এখনও কাছের মানুষ ও বন্ধুদের শুভেচ্ছা বার্তার জবাব দিতে চেষ্টা করছি। কিন্তু এখনও অনেকের কাছে ফিরতি বার্তা পাঠানো সম্ভব হয়ে ওঠেনি। আমি যেন শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছি।’
ভোজিনিয়া ফুটবল অনুরাগীদের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছেন, সেটা বোঝা গেছে ম্যাচ শুরুর আগমুহূর্তেই। যখন স্টেডিয়ামের পর্দায় দুই দলের একাদশে থাকা খেলোয়াড়দের নাম দেখানো হচ্ছিল, ভোজিনিয়ার নাম পর্দায় ভেসে উঠতেই স্টেডিয়ামজুড়ে দর্শকরা চিৎকার ও উল্লাসে ফেটে পড়েন; যেটা ম্যাচে অংশ নেওয়া রিয়াল মাদ্রিদের পক্ষে একাধিক শিরোপাজয়ী ফ্রেডরিকো ভালভার্দের চেয়েও বেশি জোরালো ছিল।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
- ফিফা
