ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘শটটা মোটেও ভালো ছিল না’, পেনাল্টি মিস নিয়ে মেসি

‘শটটা মোটেও ভালো ছিল না’, পেনাল্টি মিস নিয়ে মেসি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১১:২৭ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১১:৩৩

বিশ্বকাপের মঞ্চে টানা তিন আসরে পেনাল্টি মিসের এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দিলেন লিওনেল মেসি। ২০১৮ এবং ২০২২-এর পর ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন এই আর্জেন্টাইন মহাতারকা। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন বিশ্বকাপে পেনাল্টি মিসের এই নজির গড়লেন তিনি। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার এমন সুযোগ হাতছাড়া করে দিনশেষে নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

ম্যাচের মাত্র নবম মিনিটে ডি-বক্সের ভেতর লাউতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসির নেওয়া দুর্বল শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পেনাল্টি মিসের পর বার্তা সংস্থা এএফপির কাছে নিজের ক্ষোভ লুকাতে পারেননি মেসি। 

ম্যাচ শেষে তিনি বলেন, ‘পেনাল্টি মিস করা নিয়ে আমি নিজের ওপর খুব ক্ষুব্ধ ছিলাম। প্রথমত আমি পেনাল্টিটা মিস করেছি, আর দ্বিতীয়ত, শটটাও মোটেও ভালো ছিল না।’

পেনাল্টি মিসের সেই হতাশা অবশ্য মাঠে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি এলএমটেন। তার দুর্দান্ত জোড়া গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পেনাল্টি মিসের দায় চুকিয়ে দলকে জেতাতে পেরে ম্যাচ শেষে হাঁফ ছেড়ে বেঁচেছেন আর্জেন্টাইন অধিনায়ক। স্বস্তির সুর টেনে তিনি বলেন, ‘সৌভাগ্যবশত আমরা শেষ পর্যন্ত ম্যাচের ফল নিজেদের দিকে আনতে পেরেছি। নকআউটের টিকিট কাটার লড়াইয়ে এই তিন পয়েন্ট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।’

মেসির পেনাল্টি মিসের গল্পটা শুরু হয়েছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। গ্রুপ পর্বের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন। আর এবার ২০২৬-এর মঞ্চেও সেই একই দৃশ্যের অবতারণা হলো।

এরই মধ্যে পরের রাউন্ড নিশ্চিত হলেও সম্ভাব্য নয় পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চান মেসি, ‘আমরা আর্জেন্টিনা। যে ম্যাচই হোক আর প্রতিপক্ষ যেই হোক, আমরা সবসময় জয়ের জন্যই মাঠে নামব।’

আরও পড়ুন

×