ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১২:২৮

বিশ্বকাপের ইতিহাস নতুন করে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আর রেকর্ড ভাঙার পরপরই মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা নিজে।

জার্মান এই কিংবদন্তি বললেন, ‘আমি সবসময়ই বলে এসেছি মেসি কোনো সাধারণ খেলোয়াড় নয়। আমার কাছে লিও সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

৪৮ বছর বয়সী এই সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, ‘রেকর্ড একদিন ভাঙবেই। মেসি সেটা ভাঙুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমি সবসময় মেসির বড় ভক্ত।’

সোমবার রাতে টেক্সাসের ড্যালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ক্লোসা ও মেসি দুজনেরই গোল সংখ্যা ছিল সমান ১৬টি। তবে ৩৯ ছুঁইছুঁই মেসির জাদুকরী জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জোড়া গোলের সুবাদেই ক্লোসাকে টপকে বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ ১৮ গোলের অনন্য উচ্চতায় পৌঁছে যান এলএমটেন। এছাড়া চলতি আসরে মাত্র দুই ম্যাচেই ৫ গোল করে গোলদাতার তালিকাতেও শীর্ষে আছেন এই ফুটবল মহাতারকা।

আরও পড়ুন

×