ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেসিকে নিয়ে বলার কিছু খুঁজে পাচ্ছেন না স্কালোনি!

মেসিকে নিয়ে বলার কিছু খুঁজে পাচ্ছেন না স্কালোনি!
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১২:৪৯ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৩:০৫

মাঠ কিংবা মাঠের বাইরে আর্জেন্টিনার সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম সম্ভবত লিওনেল মেসি। ৩৮ বছরের এই ফুটবল জাদুকরের বাম পায়ের জাদুতে বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব। যেদিন তিনি মাঠে নামেন সেদিনই রেকর্ডের পাতা ওলটপালট করে আসেন। অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও তা-ই করে দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিনিয়ত মেসির এমন অনবদ্য পারফরম্যান্সে তাকে নিয়ে নতুন করে বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনি।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্কালোনি। সেখানে আর্জেন্টাইন কোচ বলেন, ‘দলের জন্য মেসি যা করে তা এক কথায় অনবদ্য। আমরা ভীষণ খুশি। সত্যি বলতে আমি জানি না তাকে নিয়ে নতুন করে আর কী বলব। তাকে নিয়ে এতবার প্রশংসা করতে হচ্ছে, মানুষ হয়তো আমার উপর বিরক্তই হয়ে যাবে এবার।’

সোমবার রাতে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে দুটি গোলের দুটিই এসেছে মেসির পা থেকে। এর আগে অলরেজিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও একই দৃশ্য দেখা যায়। ওই ম্যাচে তিনটি গোলের সবকটি মেসির। টুর্নামেন্টের দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচ গোলের সবকটিই এসেছে মেসির একার পা থেকে।

মেসি এখনও যেভাবে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিচ্ছেন সেটির প্রশংসা করে পারেননি আর্জেন্টাইন কোচ। স্কালোনি বলেন, ‘আজ যখন অফ দ্য বলে দল কিছুটা ভুগছিল, মেসি তখন পরিশ্রমী ফুটবল খেলেছে। প্রথম গোলের মুভমেন্ট শুরুর সময় সে-ই প্রথম প্রতিপক্ষের থেকে বল কেড়ে নেয়। মাঠে তার আত্মনিবেদন কতটা, সেটা আজ সবাই দেখেছে।’

এর আগে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির নেওয়া সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর কিছুটা ছন্নছাড়া লাগছিল আর্জেন্টিনার খেলা। সেখান থেকে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটিই সবচেয়ে তৃপ্তি দিয়েছে স্কালোনিকে। তিনি বলেন, ‘পেনাল্টির পর কিছু মিনিট মনে হচ্ছিলো কিছুই ঠিকভাবে হচ্ছে না। তখনই দল মানসিক পরিপক্কতা দেখিয়েছে। পেনাল্টি মিস অবশ্যই হতাশাজনক। কিন্তু যখন মেসি জেগে ওঠে, তখন পুরো দলই জেগে ওঠে।’ 

এদিকে অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেও নিজেদের সেরা ছন্দে ছিল না আলবিসেলেস্তেরা। তবে  স্কালোনি বলছেন, তার কাছে জয়টাই মুখ্য। তিনি বলেন, ‘অস্ট্রিয়ার দারুণ কিছু খেলোয়াড় আছে যারা ইউরোপের বড় ক্লাবে খেলে। শারীরিকভাবে তারা শক্তিশালী। এরকম কন্ডিশনে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সহজ নয়। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে আপনি যখন জয়ের ধারায় থাকবেন তখন উন্নতি করাটা সহজ হয়।’

আরও পড়ুন

×