‘সে একাই শীর্ষে, তুলনা করার দরকার নেই’
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১২:০৪ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১২:০৯
তিনি মাঠে নামবেন, জাদুর ছড়ি ঘোরাবেন আর ফুটবল ইতিহাস নতুন করে লেখা হবে। লিওনেল মেসির জন্য এ যেন এক চিরন্তন সত্য। অস্ট্রিয়ার বিপক্ষে আরও একবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। তার জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আর এই জোড়া গোলেই এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এলএমটেন। ঐতিহাসিক এই কীর্তির পর অধিনায়ককে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন আর্জেন্টিনা দলের সতীর্থ ও কোচ।
ম্যাচ শেষে মেসির খেলা নিয়ে স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ বলেন, ‘তাকে নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা সবাই আজ যা দেখলাম, তা অবিশ্বাস্য। তিনি গত ২০ বছর ধরে বিশ্বের সেরা, ইতিমধ্যেই ফুটবল ইতিহাসের সেরা হয়ে গেছেন। এই বয়সে এসেও তিনি যেভাবে নিজের প্রতিভা ও জাদু দেখিয়ে যাচ্ছেন, তা অবিশ্বাস্য।’
ম্যাচের পর ম্যাচ মেসির রেকর্ড ভাঙার খেলাকে কাছ থেকে দেখছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। মেসিকে প্রতি মুহূর্তের বিস্ময় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেক ট্রেনিং সেশন আর প্রত্যেক ম্যাচে সে আমাদের নতুন করে অবাক করে। এটা আমাদের জন্য চরম আনন্দের। আমরা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও প্রতিদিন তাকে উপভোগ করার চেষ্টা করি। তিনি একজন অসাধারণ মানুষ।’
ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের কাছে মেসিকে বর্ণনা করার কোনো ভাষা নেই। লিসান্দ্রো বলেন, ‘তাকে কারও সঙ্গে তুলনা করার দরকার নেই, সে একাই সবার শীর্ষে। এখন আমাদের কাজ শুধু তাকে উপভোগ করা। আমি ভাষা হারিয়ে ফেলেছি। প্রতিদিন তাকে দলে পেয়ে আমি রোমাঞ্চ অনুভব করি। তিনি যে একজন আর্জেন্টাইন, এটাই আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিও মেতে ওঠেন মেসি-বন্দনায়। শিষ্যের নিবেদন দেখে মুগ্ধ কোচ বলেন, ‘লিও যখন নিজের চেনা ছন্দে থাকে, তখন পুরো দলই ছন্দে ফেরে। এটা আসলে পুরো দলেরই কৃতিত্ব। দল যখন কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তখনও সে কঠোর পরিশ্রম করেছে। দলের জন্য, গোলের জন্য বল কেড়ে নিয়েছে। সে মাঠে এমন কিছু করে দেখায়, যা সত্যিই প্রশংসার যোগ্য। আমি তাকে নিয়ে আর কী বলব জানি না এবং আমার বলা কথাগুলো তার জন্য যথেষ্ট কিনা, তা-ও আমি জানি না।’
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- বিশ্বকাপ ফুটবল
