ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ক্যানজাত সবজি আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ কানাডার

ক্যানজাত সবজি আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ কানাডার
×

ছবি: সংগৃহীত

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১১:০২

দেশীয় কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে সহায়তা করার লক্ষ্যে ক্যানজাত সবজি আমদানির ওপর সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে কানাডা। এই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং সর্বোচ্চ ২০০ দিন পর্যন্ত বহাল থাকতে পারে।

তবে এই শুল্ক যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইসরায়েল, চিলি এবং কিছু উন্নয়নশীল দেশ থেকে আমদানি করা ক্যানজাত সবজির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কানাডা সরকারের মতে, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির কারণে দেশীয় উৎপাদকরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন; তাই স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ট্রাইব্যুনাল (সিআইটিটি) তদন্ত করছে, ক্যানজাত ও হিমায়িত সবজির আমদানি বৃদ্ধি দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর হচ্ছে কি না। তদন্তের ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে এই শুল্ক বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, যেহেতু যুক্তরাষ্ট্র এই শুল্কের বাইরে রয়েছে এবং কানাডার ক্যানজাত সবজির একটি বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে আসে, তাই স্বল্পমেয়াদে সাধারণ ভোক্তাদের জন্য বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা কম।

এদিকে কানাডা সরকার স্থানীয় খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে আরও বিনিয়োগের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

×