ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৫ সেপ্টেম্বর কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি

৫ সেপ্টেম্বর কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি
×

লংমার্চ উপলক্ষে র‌্যালি বের করা হয়। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২১

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও কুমিল্লার পদুয়ার বাজারে শনিবার (৫ সেপ্টেম্বর) পথসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই লংমার্চে কুমিল্লা থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আশা করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার পদুয়ার বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি হোটেলের কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি জানান, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য এ লংমার্চ কর্মসূচি। 

কুমিল্লা মহানগর জামায়াত আমির জানান, এদিন বেলা ১২টায় কুমিল্লার পদুয়ার বাজার ও দুপুর ১টায় চৌদ্দগ্রামে পৃথক পথসভা হবে। কর্মসূচি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ, হাইওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এদিকে, লংমার্চকে স্বাগত জানিয়ে আজ বিকেলে কুমিল্লা নগরীতে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন। এর আগে টাউন হল মাঠে গণমিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. শাহিনুল ইসলাম জানান, লংমার্চ চলাকালে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী সড়কে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন

×