ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের

ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৯

জেলা, সিটি করপোরেশনের পর ইউনিয়ন পরিষদেও বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ উদ্যোগকে স্থানীয় সরকার নির্বাচন প্রলম্বিত করতে সরকারের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে দলটি। 

আজ বৃহস্পতিবার বিবৃতিতে এসব বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা হলো- স্থানীয় সরকার ব্যবস্থায়ও দ্রুত নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে। কিন্তু বিএনপি গণভোটের গণরায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষায় স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে। যা জাতির জন্য চরম উদ্বেগের। 

গোলাম পরওয়ার বলেন, দেশের সাড়ে চার হাজারের ইউনিয়ন পরিষদের মধ্যে নির্বাচনযোগ্য ইউনিয়নের সংখ্যা ৩১১টি। অথচ সরকার ভোট আয়োজনের অগ্রসর না হয়ে এখনো দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে যাচ্ছে। যা জনগণকে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার নীলনকশা। 

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, গত দুই মাসে ৭টি নবগঠিত ইউনিয়নসহ অন্তত ৩৮টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল জেলায় প্রশাসক বসানো হয়েছে ১৯টি ইউনিয়নে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে ১২ জন বিএনপি নেতা-নেত্রীকে প্রশাসক ও পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদে রুদ্ধ করার ষড়যন্ত্রের অংশ।

ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ১৮(১) ধারা অনুযায়ী, নবগঠিত এবং মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে ১২০ দিনের জন্য একবার প্রশাসক নিয়োগ দিতে পারে সরকার। দৈবদুর্বিপাক, মহামারি ছাড়া এই মেয়াদ বৃদ্ধি করা যায় না। সম্প্রতি বিএনপি নেতাদের এই ধারায় কয়েকটি জায়গায় প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা এবং দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দেওয়ার নামান্তর। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অবৈধ সুবিধা গ্রহণের পথ তৈরির হীন কৌশল। দ্রুত সর্বস্তরে নির্বাচন দিতে হবে। প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

আরও পড়ুন

×