ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে: ইরান

হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে: ইরান
×

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১০:১২

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন থেকে তেহরান পরিচালনা করবে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার এ বক্তব্য প্রকাশ করে।

এদিকে, মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, সোমবার ইরান ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা রাখা এবং লেবাননে চলমান সংঘাতের অবসানে একটি স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হওয়া সংঘাত বন্ধের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

সুইজারল্যান্ডে আলোচনা শেষে দেশে ফেরার পথে গালিবাফ বলেন, হরমুজ প্রণালি কখনোই আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এর প্রশাসনিক পরিচালনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধীনেই থাকবে। ইরনার প্রকাশিত এক প্রতিবেদনে তার এই মন্তব্য তুলে ধরা হয়েছে।

গালিবাফের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি সুইজারল্যান্ডের বিলাসবহুল অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। তার দাবি, এই সফরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে এই সফরে ভালো অর্জন হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে।’

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরান জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের আবারও ইরানে ফিরে গিয়ে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে সম্মত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার ইরানের তেল খাতের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়।

চুক্তির অংশ হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পাবে। একই সঙ্গে দেশটির স্থগিত বা জব্দ থাকা কিছু সম্পদও অবমুক্ত হওয়ার কথা রয়েছে। তবে গালিবাফ সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই প্রক্রিয়ার একেবারে শুরুতে রয়েছি। সামনে আরও অনেক কাজ বাকি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুইজারল্যান্ড সফর শেষে গালিবাফ ওমানেও সংক্ষিপ্ত সফর করেন। ওমান হরমুজ প্রণালির তীরবর্তী দেশগুলোর অন্যতম।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। পরে গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হওয়ার পর নৌপথটি পুনরায় খুলে দেওয়া হয়। তবে শনিবার  ইরান ঘোষণা দেয়, লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তারা আবারও প্রণালিটি বন্ধ করেছে।

এরপর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তেহরান ও ওয়াশিংটন সরাসরি যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। তাদের ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই উভয় পক্ষ একটি নির্দিষ্ট ও কার্যকর যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে।

এদিকে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার অগ্রগতির পর সোমবার হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক বাণিজ্যিক চলাচল আগের তুলনায় আরও স্বাভাবিক ও দ্রুতগতিতে অব্যাহত ছিল।
 

আরও পড়ুন

×