বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত
এ কে এম আরিফ উদ্দিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৫:৫৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৬:৪৫
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক নারীর সঙ্গে একান্ত মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো। আরিফ উদ্দিন বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্তের তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, এ. কে. এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিকমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এতে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
আদেশে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্ত থাকা কালে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
এদিকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।
এর আগে এক নারীর সঙ্গে আরিফ উদ্দিনের একান্ত মুহূর্তের ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এলে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান তার বিরুদ্ধে দাপ্তরিক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন বলে বিআইডব্লিউটিএর একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরপর আজ মঙ্গলবার সকালেই আরিফকে সাময়িক বরখাস্তের ওই আদেশ জারি হয়।
এসব বিষয়ে কথা বলার জন্য মঙ্গলবার সকাল থেকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তা রিসিভ করেননি আরিফ উদ্দিন।
- বিষয় :
- বরখাস্ত
