করোনা টেস্ট কিট 'অনির্ভরযোগ্য' ধরা পড়ায় পাল্টে দিচ্ছে চীনা কোম্পানি
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৪:৫৭
নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ দ্রুত শনাক্তকরণে চীনা একটি কোম্পানির কাছ থেকে টেস্ট কিট বা সরঞ্জাম কিনেছিল স্পেন। তবে সেই কিট পরীক্ষা করে স্পেনের গবেষণা সংস্থা বলছে, কিটগুলো 'যথেষ্ট নির্ভরযোগ্য নয়'। এ অবস্থায় চীনের সেই কোম্পানি জানিয়েছে, টেস্ট কিটগুলো পাল্টে দেবে তারা।
শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে চীনের কোম্পানি শেনজেন বায়োইজি বায়োটেকনোলজির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'সর্বোত্তম উপায়ে রোগীদের রোগ নির্ণয় নিশ্চিত করতে নতুন কিট পাঠানো হবে।'
চীনা কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, 'যেহেতু এটি দ্রুত পরীক্ষার কিট, তাই এর নির্ভরযোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ।'
স্পেনের দৈনিক এল পাইসের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শেনজেন বায়োইজি বায়োটেকনোলজির কাছে ৩ লাখ ৪০ হাজার টেস্ট কিট ক্রয়ের আদেশ দিয়েছিল স্পেন। তবে স্পেনের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান 'স্প্যানিস সোসাইটি অব ইনফেকটিয়াস ডিজিস অ্যান্ড ক্লিনিক্যাল মাইক্রোবাইলজি' কিটগুলো পরীক্ষার পর জানায়, এগুলোর সঠিক তথ্য প্রদানের হার ৩০ শতাংশেরও কম।
এরপর মাদ্রিদের সিটি সরকার বোয়ইজি বায়োটেকনোলজির কাছ থেকে কেনা কিটের ব্যবহার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতি চীনা কোম্পানিটি কিট বদলে দেওয়ার কথা জানালো।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- করোনা টেস্ট কিট
