ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনা ঠেকাবে যক্ষ্মার ভ্যাকসিন?

করোনা ঠেকাবে যক্ষ্মার ভ্যাকসিন?
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ২১:২৮ | আপডেট: ০১ এপ্রিল ২০২০ | ২১:৩১

যক্ষ্মা বা টিউবারকিউলোসিস (টিবি) প্রতিরোধে দেওয়া ভ্যাকসিন নভেল করোনাভাইরাসের সংক্রমণকে অকার্যকর বা একেবারে থামিয়ে দিতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।

বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন (বিসিজি) নামের এই ভ্যাকসিন শিশুদের টিবি প্রতিরোধে ব্যবহৃত হয়ে আসছে।

হিন্দুস্তান টাইমস বলছে, নিউ ইয়র্ক ইনস্টটিউট অব টেকনোলজির একদল গবেষক দেখেছেন- যেসব দেশের শিশুদের বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়; এসব দেশে করোনার সংক্রমণ তুলনামূলকভাবে কম।

তবে করোনা প্র্রতিরোধে এই টিকা পুরোপুরি কার্যকর কিনা তা পরীক্ষা করতে আরও সময় দরকার বলে গবেষকরা জানিয়েছেন।

গবেষকরা বলছেন, অপেক্ষাকৃত দেরিতে যেসব দেশে টিবির ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে সেসব দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি। আর দীর্ঘ অনেক বছর ধরে যেসব দেশে শিশুদের জন্য এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেসব দেশে এই সংখ্যা কম।

ভারতে এই ভ্যাকসিন দেওয়া শুরু হয় ১৯৪৯ সালে; ইরানে শুরু হয় ১৯৮৪ সালে। গবেষণায় দুই দেশের মধ্যে তুলনামূলক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার পরিসংখ্যান দেখানো হয়েছে। 

মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামের এক প্রকার অতিক্ষুদ্র জীবাণুর কারণ ফুসফুসের সংক্রমণ টিবি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ হিসেবে শ্বাসকষ্ট ও কাশি চিহ্নিত। এক্ষেত্রে বিসিজি নামের টিবি ভ্যাকসিন এই ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকরী বলে গবেষকদের দাবি।

এরই মধ্যে করোনা প্রতিরোধে টিবি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি ও যুক্তরাজ্যের মতো দেশ।



আরও পড়ুন

×