ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ায় ২ টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

অস্ট্রেলিয়ায় ২ টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ২২:৩০

করোনাভাইরাস প্রতিরোধী দু’টি গুরুত্বপূর্ণ টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিকা দু’টির একটি আবিষ্কার করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা; অন্যটি যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ইনোভায়ো ফার্মাসিউটিক্যালস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দু’টি টিকাকে কোনো পশুর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এরই মধ্যে পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করেছেন। মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে এ টিকা দু’টি প্রয়োগের উপযোগী কিনা তা বিশ্লেষণ করে দেখছেন তারা।

গত মাসে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মানুষের শরীরে করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। তবে এর আগে সে টিকা কোনো পশুর শরীরে প্রয়োগ করা হয়নি।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অরগানাইজেশন (সিএসআইআরও) দাবি করেছে, তারা টিকা দু’টির পরীক্ষামূলক প্রয়োগ আরও ব্যাপক আকারে করছে।

পশুর শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফল আগামী জুন মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। এই ধাপ সফল হলে টিকা দু’টি মানুষের শরীরে প্রয়োগ করা হবে। সেখান থেকে ইতিবাচক ফল পাওয়া গেলে তা বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে।

এই টিকা সাধারণ মানুষের হাতে পৌঁছাতে ১২ থেকে ১৮ মাসের মতো সময় লেগে যেতে পারে। তবে বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় তার আগেও হয়তো করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষের নাগালে চলে আসতে পারে।

এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধী ২০টি টিকা আবিষ্কারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×