থুথু দিয়ে করোনা ছড়ানোর হুমকি দিয়ে ধরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনভাইরাস ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
এই ভাইরাসকে 'জৈবিক অস্ত্র' আখ্যা দিয়েছে দেশটির বিচার বিভাগ; বিচারে ওই দুইজনের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
অভিযুক্ত দুইজনের মধ্যে গত মার্চে ফ্লোরিডায় পুলিশকে লক্ষ্য করে থুথু ছিটান এবং কাশি দেন এক ব্যক্তি। ওই সময় তাকে গ্রেপ্তার করা হয়। করোনার ছড়ানোর হুমকির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
আদালত থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ৩১ বছর বয়সী ওই ব্যক্তি যখন থুথু ছিটান; তখন তিনি বলেন- ভালো, আমার করোনা হয়েছে। অবশ্য পরে পরীক্ষায় তার শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
করোনা ছড়ানোর হুমকির অভিযোগে ওঠা দ্বিতীয় ঘটনাটি ঘটে টেক্সাসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি দাবি করেন, তিনি একজনকে সুপার মার্কেটে করোনার ছড়িয়ে দেওয়ার জন্য অর্থ দিয়েছেন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
