যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহে বেকার ১ কোটি ৬০ লাখ মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৭:৪৬ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৭:৫২
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। গত এক সপ্তাহে দেশটিতে চাকরি হারিয়েছেন ৬৬ লাখ মানুষ। গত তিন সপ্তাহে এ নিয়ে চাকরিচ্যুতির সংখ্যা এক কোটি ৬০ লাখ। এর আগের দুই সপ্তাহে চাকরি হারিয়েছেন এক কোটি কর্মী।
বৃহস্পতিবার দেশটির শ্রমবিভাগ এসব তথ্য জানায়। খবর দ্য গার্ডিয়ানের
চাকরি হারানোর বিষয়টা শুরু হয়েছিল প্রথমে হোটেল রেস্তোরাঁয় কর্মী ছাটাইয়ের মধ্য দিয়ে। করোনাভাইরাসের কারণে এগুলো প্রথমে শাটডাউনের আওতায় পড়ে। এরপর শাটডাউনের আওতায় পড়তে থাকে একে একে বিনোদন, নির্মাণ ও অন্যান্য শিল্পের ওপর। দেশটির প্রতিটি অঙ্গরাজ্যেই এই শাটডাউনের প্রভাব পড়েছে। বেকারত্বের সংখ্যা এই মুহূর্তে ১৫ শতাংশে পৌঁছেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে বেশি বেকারত্বের হার।
করোনাভাইরাসে বিশ্ব জুড়ে মৃত্যু ও আক্রান্তের সখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনি অর্থনীতিতেও পড়তে চলেছে এর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে এ অবস্থা, তা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না অর্থনীতিবিদরা।
