আসামে ভূমিধসে নিহত ২০, আরও হতাহতের আশঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৩:২০ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৫:০৩
ভারতের আসামে পর পর কয়েকটি ভূমিধসে ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের সবাই দক্ষিণ আসামের বরাক উপত্যকা অঞ্চলের তিন জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে ৭ জন কাছাড় জেলার, ৭ জন হাইলাকান্দি জেলার ও ৬ জন করিমগঞ্জ জেলার। এই অঞ্চলটিতে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। তার প্রভাবেই ভূমিধসের ঘটনা ঘটেছে।
হতাহতদের সরিয়ে নিতে একাধিক উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সম্প্রতি ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে চার লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় গোয়ালপাড়া, নওগাঁ ও হোজাই জেলায় ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
বন্যায় ইতোমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। সাড়ে তিনশ গ্রাম পানিতে তলিয়ে গেছে। আসামের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ হাজার হেক্টর জমির ফসল বন্যার কারণে নষ্ট হয়ে গেছে।