রকস্টারের পর শাকিব খান
শাকিব খান। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৭:৩৫
গেল ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। সিনেমাটিতে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন; বরং একজন প্রফেশনাল মিউজিশিয়ানের চরিত্রে দেখা গেছে। এই চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়ে লুকেও দারুণ পরিচর্তন এনেছিলেন। কিন্তু প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি।
আজমান রুশো পরিচালিত সিনেমাটি দর্শকের আগ্রহ তৈরি করলেও শেষ পর্যন্ত বক্স অফিসে আশানুরূপ ফল আনতে পারেনি। এর আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ও ব্যবসায়িকভাবে লাভজনক হতে পারেনি। ফলে টানা দুটি সিনেমার প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর নতুন পরিকল্পনায় এগোচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক।
‘রকস্টার’ মুক্তির পরপরই আরেক সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান শাকিব খান। সেখানে টানা প্রায় এক সপ্তাহ সিনেমাটির বিভিন্ন অংশের শুটিং শেষ করে দেশে ফেরেন তিনি।
ঢাকায় ফিরে বিশ্রাম না নিয়েই যেন নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব। যে সিনেমার মাধ্যমে বরবাদ টিমের ঘরে ফেরেন তিনি। ফের ভরসা রাখেন মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায়।
প্রযোজনা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই সিনেমাটির শুটিং শুরু করবেন এই অভিনেতা। তবে সিনেমাটিতে শাকিব খানের নায়িকা কে হচ্ছেন বা আরও কারা অভিনয় করছেন, তার কিছুই এখনও জানানো হয়নি। তবে শুধু জানা গেছে বাংলাদেশ ও কয়েকটি দেশে হবে নতুন এই সিনেমার শুটিং।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমানে অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখানে প্রায় দেড় মাস থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। এই সময়টায় ব্যক্তিগত বিশ্রামের পাশাপাশি কয়েকজন প্রযোজক ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সম্ভাব্য নতুন প্রকল্প নিয়েও বৈঠক করবেন বলে জানা গেছে।
দীর্ঘ এই সফর শেষে দেশে ফিরেই মেহেদি হাসান হৃদয়ের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। পাশাপাশি ‘সোলজার’-এর পরবর্তী ধাপের কাজও এগিয়ে নেওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ঈদুল আজহার সিনেমা নিয়েও নতুন পরিকল্পনা আঁটছেন তিনি। দেশে ফেরার পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে এই চমকের।