টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | ০৬:৩৯
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৭১ জন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৪ জুলাই টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টির কারণে গুয়াডালুপ নদীর পানি বেড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যার পানিতে কের কাউন্টির নদীতীরবর্তী সামার ক্যাম্প ‘মিস্টিক’ প্লাবিত হয়। এতে বন্যার পানিতে ভেসে যান ক্যাম্পে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ৩২ মেয়ে ও দু’জন মেন্টর। তাদের মধ্যে ২৭ মেয়ে ও ক্যাম্পের পরিচালক ৭০ বছর বয়সী রিচার্ড ইস্টল্যান্ড মারা গেছেন। এ ছাড়া আরও পাঁচজন ক্যাম্পার ও ১৯ বছর বয়সী একজন মেন্টর এখনও নিখোঁজ রয়েছেন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানে কমপক্ষে ৯৬ জনের প্রাণ গেছে, যার মধ্যে ৩৬ জনই শিশু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অঞ্চলের কমপক্ষে ১৬১ জনের এখনও সন্ধান মেলেনি। এ ছাড়া ট্রাভিস, বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিতেও প্রাণহানির খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
