যুদ্ধ ও নিরাপত্তা নিয়ে আলোচনায় নরওয়ে যাচ্ছেন জেলেনস্কি
জ্যারেডকুশনার, স্টিভ উইটকফ ও ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১২:৫৪
ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ও ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছানোর কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। নরওয়ে সরকার ও সহ-আয়োজক দেশ ফিনল্যান্ড এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এ সপ্তাহে নরওয়ে সফর করবেন। এ আলোচনায় জেলেনস্কি ও ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে।
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের জন্য সংকটময় এক মুহূর্তে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে জেলেনস্কি নরওয়ে ও ফিনল্যান্ডকে বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছেন।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব জানিয়েছেন, জেলেনস্কি ও স্টোরের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
নরওয়ে জানিয়েছে, মঙ্গলবার দিনের পরবর্তী সময়ে জেলেনস্কি, স্টাব ও স্টোর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। তবে নরওয়ে ও ফিনল্যান্ডের বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্য কোনো প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়ে উল্লেখ করা হয়নি।
- বিষয় :
- ভলোদিমির জেলেনস্কি
- ইউক্রেন
- নরওয়ে
- সফর